চট্টগ্রামের হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনকালে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত বাংলাদেশ সেনাবাহিনীর আর্মড কোরের সদস্য সৈনিক (গানার) তাসনিম রিফাতের দাফন রাজশাহীতে সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বাদ যোহর রাজশাহীর পবা উপজেলার দামকুড়া ইউনিয়নের বিন্দারামপুর গ্রামে জানাজা শেষে সামরিক ও সামাজিক মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এরআগে সকালে বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ হেলিকপ্টারে করে তাসনিম রিফাতের মরদেহ রাজশাহী সেনানিবাসে নিয়ে আসা হয়। পরে সেখান থেকে সড়কপথে তার জন্মস্থান পবা উপজেলার দামকুড়া ইউনিয়নের বিন্দারামপুর গ্রামের বাড়িতে পৌঁছানো হয়।
মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে স্বজন ও এলাকাবাসীর মধ্যে নেমে আসে শোকের ছায়া। শেষবারের মতো রিফাতকে দেখতে তার বাড়িতে ভিড় করেন স্বজন, প্রতিবেশী ও স্থানীয়রা। এ সময় কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। পুরো এলাকায় তৈরি হয় হৃদয়বিদারক পরিবেশ।
পরে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে বাদ যোহর তাসনিম রিফাতের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ হাজারো গ্রামবাসী অংশ নেন। জানাজা শেষে সামরিক মর্যাদায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, তাসনিম রিফাতের বয়স হয়েছিল মাত্র ২৮ বছর। তিন বছর আগে ক্যানসারে আক্রান্ত হয়ে তার মা মারা যান। কর্মক্ষম ছেলেকে হারিয়ে নির্বাক হয়ে পড়েছেন বাবা আসাদুল ইসলাম।
তাসনিম রিফাত মৃত্যুকালে স্ত্রী ও প্রায় আড়াই বছর বয়সী এক কন্যাসন্তান রেখে গেছেন।
উল্লেখ্য, বুধবার দুপুর আনুমানিক ১২টার দিকে চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিং অনুশীলন চলাকালে দুর্ঘটনা ঘটে। অনুশীলনের সময় দুর্ঘটনাবশত ট্যাংকের ভেতরে একটি গোলা বিস্ফোরিত হলে বাংলাদেশ সেনাবাহিনীর আর্মড কোরের ১৫ স্বতন্ত্র সাঁজোয়া স্কোয়াড্রনের সদস্য সৈনিক তাসনিম রিফাতসহ দুই সেনাসদস্য ঘটনাস্থলেই নিহত হন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









