কুষ্টিয়ার পর্যটন ও বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিত পদ্মা নদী, গড়াই নদী এবং ঐতিহ্যবাহী হরিপুর ব্রিজ এলাকায় উচ্চস্বরে গানবাজনা ও অশ্লীলতা প্রতিরোধে কঠোর অবস্থান নিয়েছে জেলা পুলিশ। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলার নৌকা ও সাউন্ড সিস্টেম ব্যবসায়ীদের সাথে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।
সভায় পদ্মা ও গড়াই নদী কেন্দ্রিক নৌভ্রমণে শব্দদূষণ ও অসামাজিক কর্মকাণ্ড রোধে নৌ মালিক এবং সাউন্ড সিস্টেম ব্যবসায়ীদের প্রতি একাধিক গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়। বিশেষ করে রাতের বেলা গড়াই নদীতে উদ্ভূত বিশৃঙ্খলা এড়াতে সন্ধ্যার পর নদীর সকল প্রকার নৌযান চলাচল ও বিনোদনমূলক কার্যক্রম বন্ধ রাখার জন্য ব্যবসায়ী নেতৃবৃন্দকে অনুরোধ জানান পুলিশ সুপার।
নির্দেশনায় স্পষ্ট করা হয় যে, জনউপদ্রব সৃষ্টি করে সাউন্ড বক্সে উচ্চস্বরে গান বাজানো এবং যেকোনো ধরনের অশালীন পরিবেশ তৈরি করা হলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ, কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ জাকির হোসেনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সভায় উপস্থিত ব্যবসায়ী নেতৃবৃন্দ পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং নদী এলাকার পরিবেশ শান্ত ও নিরাপদ রাখতে প্রশাসনের সাথে একাত্মতা প্রকাশ করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









