বরিশালের বাকেরগঞ্জে পূর্বশত্রুতা ও অনৈতিক সম্পর্কের প্রতিবাদ করাকে কেন্দ্র করে সুমন সিকদার (৩৮) নামে এক ভ্যানচালককে কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার কবাই ইউনিয়নের কালেরকাঠী গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের লাশের ময়নাতদন্তের প্রস্তুতি চলছে এবং ঘটনার পর থেকে অভিযুক্তরা আত্মগোপনে রয়েছে।
নিহত সুমন সিকদার কালেরকাঠী গ্রামের মৃত আদম আলী সিকদারের ছেলে। পেশায় তিনি একজন ভ্যানচালক ছিলেন।
স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে স্থানীয় যুবদল নেতা রিগ্যান হাওলাদারের সাথে সুমন সিকদারের বিরোধ চলছিল। এর পাশাপাশি কিছুদিন আগে অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্য মনা তালুকদার স্থানীয় মনি বেগম নামে এক নারীকে নিয়ে পালিয়ে যান। সুমন ওই অনৈতিক সম্পর্কের প্রতিবাদ করায় মনা তালুকদারের সঙ্গেও তার চরম শত্রুতা তৈরি হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় কালেরকাঠী গ্রামে নিজ বাড়ির সামনে সুমনের সঙ্গে রিগ্যানের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে রিগ্যান, মনা তালুকদার ও তাদের সহযোগী সুমন সিকদারসহ ৮ থেকে ১০ জনের একটি দল ধারালো অস্ত্র নিয়ে সুমনের ওপর ঝাঁপিয়ে পড়ে। ঘাতকেরা তার মাথা, হাত ও পায়েসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। সুমন রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে তাকে মৃত ভেবে পাশেই একটি পুকুরে ফেলে দিয়ে পালিয়ে যায় হামলাকারীরা।
নিহতের মা মনোয়ারা বেগম ও ছেলে তানভীর সিকদার অভিযোগ করে বলেন, পূর্বশত্রুতা ও অনৈতিক সম্পর্কের প্রতিবাদ করায় রিগ্যান ও মনা তালুকদারের নেতৃত্বে একদল সন্ত্রাসী সুমনকে কুপিয়ে পুকুরে ফেলে রেখে যায়। আমরা এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
খবর পেয়ে বাকেরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে জখম হওয়া সুমনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক ড. সত্যজিৎ দত্ত তাকে মৃত ঘোষণা করেন।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুমনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়, তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ হত্যাকাণ্ডে অভিযুক্ত রিগ্যান হাওলাদার, মনা তালুকদারসহ মূল জড়িতরা বর্তমানে পলাতক রয়েছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









