পাকিস্তানের বিরুদ্ধে তৃতীয় টেস্টে বিশ্বরেকর্ড গড়লেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথের রেকর্ড ভেঙে দিলেন রুট। তবে তিনি ব্যাট হাতে এ রেকর্ড গড়েননি, বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটার নজির গড়েছেন ফিল্ডার হিসাবে।
ক্যাচ ধরার নিরিখে টেস্ট ক্রিকেটের ইতিহাসে সফলতম ফিল্ডার হলেন রুট। টেস্ট ক্রিকেটে স্মিথের ২১৯টি ক্যাচ ধরার রেকর্ড টপকে রুট ২২০টি ক্যাচ নিয়েছেন।
পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে অলি রবিনসনের বলে আবদুল্লা শফিকের ক্যাচ ধরে বিশ্বরেকর্ড গড়েছেন ইংল্যান্ডের অধিনায়ক। টেস্ট ক্রিকেটে সফল ফিল্ডারদের তালিকায় রুট এবং স্মিথের পর তৃতীয় স্থানে রয়েছেন রাহুল দ্রাবিড়। তিনি ২১০টি ক্যাচ ধরেছেন। চতুর্থ স্থানে মাহেলা জয়বর্ধনে। তার ক্যাচের সংখ্যা ২০৫টি। এর পর ২০০টি ক্যাচ নিয়ে তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন জ্যাক কালিস।
তিন টেস্টের সিরিজের প্রথম দুই ম্যাচই হেরেছে পাকিস্তান। তৃতীয় টেস্টেও দাপট দেখাচ্ছে ইংল্যান্ড।
বাবর আজমদের প্রথম ইনিংসে করা ১৩৩ রানের জবাবে ৪৫৩ রান করেছে ইংল্যান্ড। দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার সময় পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের রান ২ উইকেটে ৫২। ইনিংসের ব্যবধানে হার বাঁচাতে আরও ২৬৮ রান করতে হবে পাকিস্তানের।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









