জাতীয় সংসদে পাস হওয়া সম্পত্তি হস্তান্তর সংশোধন আইনকে কুরআন ও সুন্নাহবিরোধী দাবি করে তা বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখা।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বাদ জুমা কোর্ট পয়েন্টের কালেক্টরেট মসজিদ প্রাঙ্গণে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ দাবি জানানো হয়।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করে সংগঠনটি। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সুরমা মার্কেট পয়েন্টে গিয়ে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা রেজাউল করিম জালালী। সভাপতিত্ব করেন সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা এমরান আলম। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল গাফফার।
মাওলানা রেজাউল করিম জালালী বলেন, ‘‘কুরআন ও সুন্নাহবিরোধী দাবি করে সম্পত্তি হস্তান্তর সংশোধন আইন বাতিল করতে হবে। নির্বাচনের আগে বিএনপি কুরআন-সুন্নাহবিরোধী কোনো আইন না করার এবং মদিনা সনদ অনুযায়ী দেশ পরিচালনার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু ক্ষমতায় গিয়ে দলটি সংসদে কুরআন-সুন্নাহবিরোধী আইন পাস করেছে।’’
তিনি আরও বলেন, ‘‘সংখ্যাগরিষ্ঠতার জোরে এ ধরনের আইন পাস করে সরকার কর্তৃত্ববাদী শাসনের দিকে এগিয়ে যাচ্ছে। কুরআন-সুন্নাহবিরোধী আইন পাস করে সরকার যে দুঃসাহস দেখিয়েছে, তার ‘করুণ পরিণতি’ সরকারকে ভোগ করতে হবে।’’
একই সঙ্গে সম্পত্তি হস্তান্তর সংশোধন আইন, জাতীয় মানবাধিকার কমিশন আইন ও গুম প্রতিরোধ আইন প্রত্যাহারের দাবি জানান তিনি।
সভাপতির বক্তব্যে মাওলানা এমরান আলম বলেন, ‘‘কুরআন ও সুন্নাহবিরোধী আইন প্রত্যাহার করতে হবে। ইসলামের উত্তরাধিকার আইন বাস্তবায়নের পাশাপাশি নৈতিক শিক্ষার মাধ্যমে আগামী প্রজন্মকে বাবা-মায়ের প্রতি দায়িত্বশীল করে গড়ে তুলতে হবে।’’
সমাবেশে বক্তব্য দেন মহানগর শাখার সহ-সভাপতি প্রিন্সিপাল মাওলানা পীর আব্দুল জব্বার, মাওলানা সানা উল্লাহ, হাফিজ মাওলানা হারুনুর রশিদ, সহ-সাধারণ সম্পাদক হাফিজ কয়েছ আহমদ, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা রিয়াজ উদ্দিন আল মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ সিরাজ উদ্দিন, প্রশিক্ষণ সম্পাদক মুফতি আব্দুস সালাম, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ফয়জুন নুর, সমাজকল্যাণ সম্পাদক কারী মাওলানা আবুল হোসাইনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
এ সময় ছাত্র মজলিসের জেলা সভাপতি আহমদ মাইমুন, সাংগঠনিক সম্পাদক আবু তাহের মিসবাহ, মহানগর সাংগঠনিক সম্পাদক ফাহিম কামালী, জেলা প্রশিক্ষণ সম্পাদক আব্দুল মুকিত, শ্রমিক মজলিস নেতা মীর রাহাদ হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









