পাবনার সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের দাশপাড়া গ্রামে বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতে নেমে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো—দাশপাড়া গ্রামের শিমুল মল্লিকের মেয়ে সুমি খাতুন (৭) এবং একই গ্রামের মো. আশরাফুল ইসলামের ছেলে খালিদ হোসেন (৮) ও মেয়ে আফিয়া খাতুন (৬)। তারা স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থী ছিল। নিহত খালিদ ও আফিয়া আপন ভাই-বোন।
স্থানীয় সূত্র ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবার দুপুরে বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতে নামে তিন শিশু। গোসলের একপর্যায়ে গভীর পানিতে ডুবে একজন তলিয়ে যেতে থাকলে তাকে উদ্ধারের চেষ্টা করে অপর দুই শিশু। কিন্তু শেষ পর্যন্ত তিনজনই পানির নিচে তলিয়ে যায়।
দীর্ঘ সময় শিশুদের কোনো খোঁজ না পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। পরে তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হলে পথেই তিনজনের মৃত্যু হয়।
এ ঘটনায় দাশপাড়া গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। একসঙ্গে তিন শিশুর মৃত্যুতে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকার পরিবেশ। বিশেষ করে একই পরিবারের দুই সন্তানকে হারিয়ে শোকে স্তব্ধ হয়ে পড়েছেন তাদের বাবা-মা।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









