পিরোজপুরের নেছারাবাদে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) নেছারাবাদের ছারছীনা দারুসসুন্নাত কামিল মাদরাসায় শিক্ষার্থীদের অংশগ্রহণে এ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ।
নেছারাবাদ উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা এবং পরিচ্ছন্নতার বিষয়ে শিক্ষার্থীদের দায়িত্ব ও করণীয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. খলিল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. সোহরাব হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ বলেন, “পরিচ্ছন্নতা একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনের অন্যতম প্রধান শর্ত। শুধু প্রশাসন বা কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানের পক্ষে একা পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা সম্ভব নয়। এজন্য সমাজের প্রত্যেক নাগরিককে নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল হতে হবে। বিশেষ করে শিক্ষার্থীরা পরিচ্ছন্নতার বার্তা পরিবার ও সমাজের প্রতিটি স্তরে পৌঁছে দিতে পারে।”
তিনি আরও বলেন, “নিজের শিক্ষা প্রতিষ্ঠান, বাড়ির আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার অভ্যাস ছোটবেলা থেকেই গড়ে তুলতে হবে। যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে এবং অন্যদেরও এ বিষয়ে উৎসাহিত করতে হবে। শিক্ষার্থীদের নেতৃত্বেই একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও সুন্দর বাংলাদেশ গড়ে উঠতে পারে।”
বিশেষ অতিথি মো. সোহরাব হোসেন বলেন, ‘‘পরিচ্ছন্ন পরিবেশ মানুষের সুস্বাস্থ্য ও স্বাভাবিক জীবনযাপনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। তাই পরিচ্ছন্নতার বিষয়ে সচেতনতা বাড়ানোর পাশাপাশি এর বাস্তব প্রয়োগ নিশ্চিত করতে হবে।’’
সভায় আরও বক্তব্য দেন নেছারাবাদ সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহামুদ, সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) প্রনয় রায়, ছারছীনা আলিয়া মাদরাসার অধ্যক্ষ মো. রুহুল আমিন, নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসানসহ সংশ্লিষ্টরা।
বক্তারা বলেন, পরিচ্ছন্নতা শুধু ব্যক্তিগত অভ্যাস নয়, এটি একটি সামাজিক দায়িত্ব। শিক্ষার্থীরা নিজেদের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও আশপাশের মানুষকে পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক ও বিপুলসংখ্যক শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সভা শেষে মাদ্রাসা প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









