নিজেকে নিয়ে চলা নানা সমালোচনার জবাব এবার র্যাপের ছন্দে দিলেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। তার প্রথম র্যাপ গান ‘পাবলো’তে নিজের চেহারা, ব্যক্তিত্ব ও ব্যক্তিগত পছন্দ নিয়ে ওঠা নানা মন্তব্যের জবাব দিয়েছেন তিনি। তবে গানটির সবচেয়ে বড় চমক শেষ দিকে—হানিয়ার উদ্দেশে হঠাৎ শোনা যায় ভারতীয় তারকা রাখি সাওয়ান্তের কণ্ঠ।
প্রায় দুই মিনিটের পাঞ্জাবি হিপ-হপ গান ‘পাবলো’ লিখেছেন ও সুর করেছেন হানিয়া নিজেই। পিয়ানো-নির্ভর আবহে শুরু হওয়া গানটিতে এরপর সমালোচকদের উদ্দেশে নিজের বক্তব্য তুলে ধরেন তিনি।
হানিয়াকে ‘ভুয়া’ বলার পরও যারা নিয়মিত তাঁর জীবন ও কর্মকাণ্ড অনুসরণ করেন, তাদের সেই দ্বৈত আচরণ নিয়েও প্রশ্ন তুলেছেন অভিনেত্রী। গানে তার জনপ্রিয়তা, বিশেষ করে ভারতে তাঁর গ্রহণযোগ্যতা এবং আলোচিত ‘পিন্ডি অ্যাটিটিউড’-এর প্রসঙ্গও এসেছে।
তবে কাউকে আলাদাভাবে আক্রমণ না করে, নিজের প্রতি চলা সামগ্রিক সমালোচনার জবাব হিসেবেই গানটিকে তুলে ধরেছেন হানিয়া। সমালোচকদের মন জোগাতে নিজেকে বদলে ফেলার কোনো ইচ্ছা নেই—গানের কথায় সেই বার্তাই স্পষ্ট।
শেষ মুহূর্তে রাখির বার্তা
‘পাবলো’র সবচেয়ে বড় চমক আসে গানের শেষ দিকে। প্রায় ১ মিনিট ৪০ সেকেন্ডের মাথায় হানিয়ার উদ্দেশে শোনা যায় রাখি সাওয়ান্তের একটি বিশেষ বার্তা। মিউজিক ভিডিওতে অবশ্য রাখিকে দেখা যায়নি; শুধু তার কণ্ঠই রয়েছে গানটিতে।
হানিয়াকে উদ্দেশ করে রাখি বলেন, “হানিয়া মেরি জান, এতনা টেনশন নেহি লেনে কা, সমঝ রহি হ্যায়।” এরপর তার প্রশংসা করে বলেন, “তুম হুর হো, তুমহারে চেহরে পে নূর হ্যায়। তুম হো শেরনি।”
শেষে রাখির বার্তা, “জো ডর গেয়া, সমঝো মর গেয়া।”
গানের ক্রেডিটেও রাখিকে বিশেষ ধন্যবাদ জানানো হয়েছে। পাশাপাশি রাখি ‘পাবলো’ গানের সঙ্গে নাচের একটি ভিডিও শেয়ার করেছেন। ফলে দুই দেশের দুই তারকার এই অপ্রত্যাশিত যোগাযোগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।
২০১৬ সালে ‘জানান’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় হানিয়ার। এরপর একাধিক জনপ্রিয় পাকিস্তানি নাটকে অভিনয় করে তিনি দর্শকদের কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন। সম্প্রতি দিলজিৎ দোসাঞ্জ ও নীরু বাজওয়ার সঙ্গে ‘সর্দার জি ৩’ সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।
অভিনয়ের পর এবার র্যাপের জগতে পা রেখে হানিয়া সমালোচনার জবাব দিয়েছেন নিজের মতো করেই। আর সেই যাত্রায় রাখি সাওয়ান্তের আকস্মিক কণ্ঠসংযোজন ‘পাবলো’কে দিয়েছে বাড়তি আলোচনার রসদ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









