বরিশাল নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলের পর অভিযান চালিয়ে ৭ জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) জুমার নামাজের পর নগরীর কবি জীবনানন্দ দাশ স্টেডিয়াম এলাকা থেকে তাদের আটক করা হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, জুমার নামাজ শেষে কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামের সামনে থেকে ছাত্রলীগের একদল নেতাকর্মী ‘দেশ বাঁচাতে প্রয়োজন শেখ হাসিনার প্রত্যাবর্তন’ শীর্ষক ব্যানার নিয়ে ঝটিকা মিছিল বের করেন। মিছিলে তারা ‘ঘরে ঘরে বলে দে, শেখ হাসিনা আসছে’ সহ নানা রাজনৈতিক স্লোগান দেন। মিছিলের ব্যবহৃত ব্যানারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিলের ছবি ছিল।
গোপন সূত্রে জানা গেছে, বরিশাল সিটি কর্পোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজিব হোসেন খানের নির্দেশে এই মিছিলটি সংগঠিত হয়েছিল।
ঘটনার খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযান শুরু করে। অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে পাঁচজনকে এবং পরবর্তীতে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও দুজনকে আটক করা হয়।
বরিশাল মহানগরীর কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম জানান, নিষিদ্ধ সংগঠনের মিছিলের খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সেখান থেকে প্রথমে ৫ জন এবং পরবর্তীতে অভিযান চালিয়ে আরও ২ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় ও মিছিলে সম্পৃক্ততা যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশ আরও জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতা বন্ধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









