গাজীপুরের জয়দেবপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ থেকে এক অজ্ঞাত যুবতীর সুটকেস ও বস্তাবন্দি খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে জয়দেবপুর থানাধীন ভবানীপুর ফকিরা গার্মেন্টস সংলগ্ন একটি বহুতল ভবনের পাশের কালভার্টের নিচে স্থানীয়রা একটি পরিত্যক্ত সুটকেস দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে জয়দেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুটকেসটি খুলে এক নারীর অর্ধগলিত লাশের অংশবিশেষ উদ্ধার করে।
পরে পুলিশ আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে একটি বস্তার ভেতর থেকে লাশের বাকি অংশ উদ্ধার করে।
নিহত নারীর বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর বলে ধারণা করছে পুলিশ। তবে লাশটি বিকৃত ও অর্ধগলিত অবস্থায় থাকায় তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা অন্য কোনো স্থানে ওই নারীকে হত্যা করে লাশের খণ্ডাংশ সুটকেস ও বস্তায় ভরে এই নির্জন স্থানে ফেলে গেছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে।
পুলিশ জানায়, সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশটি ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। নিহত নারীর পরিচয় শনাক্ত ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত ও অনুসন্ধান চালিয়ে যাচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









