চলতি বছরেই দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে ঢাকা-১৭ আসনের আওতাধীন মসজিদ ও মন্দির কর্তৃপক্ষের হাতে অনুদানের চেক তুলে দেওয়ার অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বিদ্যুৎ ও জ্বালানি সংকট সমাধানে সরকার কাজ করে যাচ্ছে। তিনি বলেন, বিদ্যুৎ ও জ্বালানির সমস্যা শুধু বাংলাদেশের নয়, এটি একটি বৈশ্বিক সংকট। এর প্রভাব বাংলাদেশেও পড়েছে। পরিস্থিতি মোকাবিলায় সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে।
দেশের ১৩০টি গ্যাসকূপ অনুসন্ধানের চেষ্টা চলছে বলেও জানান প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, তেল ও বিদ্যুতের মতো গ্যাস নিয়েও কিছু অসাধু ব্যক্তি অবৈধ কর্মকাণ্ডে জড়িত। দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যারা অবৈধ ও অন্যায় কর্মকাণ্ডে জড়াবে, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
রাষ্ট্রীয় সম্পদ অবৈধভাবে কাউকে ব্যবহার বা নিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হবে না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, অতীতে রাষ্ট্রের সম্পদ ব্যক্তি স্বার্থে ব্যবহারের ঘটনা ঘটেছে। ভবিষ্যতে যাতে কেউ রাষ্ট্রীয় সম্পদ ব্যক্তিস্বার্থে ব্যবহার করতে না পারে, সে জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা করছে।
অনুষ্ঠানে ঢাকা-১৭ আসনের ২৮টি মসজিদের জন্য ২ লাখ ৪৭ হাজার টাকা করে অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী। এছাড়া শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১০টি মন্দিরকে ৩ লাখ টাকা করে মোট ৩০ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়।
ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে সহযোগিতা এবং শারদীয় দুর্গাপূজার আয়োজন নির্বিঘ্ন করতেই এ আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









