দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ বাস্তবায়নের অংশ হিসেবে নাটোরের নলডাঙ্গায় তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে নলডাঙ্গা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এই বিশেষ কর্মসূচির উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার। এ সময় তিনি বলেন, উপজেলার স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনসমূহকে সম্পৃক্ত করে প্রতি শনিবার ডেঙ্গু মশক নিধনের লক্ষ্যে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে। স্কাউটস, বিএনসিসি, শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে নিজ নিজ কর্মক্ষেত্র, বাসস্থান এবং সংলগ্ন এলাকায় এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও জমে থাকা পানি অপসারণ নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, বিভিন্ন দপ্তরের প্রধানগণ প্রতি শনিবার নিজস্ব ব্যবস্থাপনায় নিজ কার্যালয় ও আশপাশের এলাকায় মশক নিধন কার্যক্রম পরিচালনা করবেন। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে র্যালি, মাইকিং, প্রচার-প্রচারণা, সভা-সেমিনার ও উদ্বুদ্ধকরণ কার্যক্রম চালাতে হবে। স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ নিজ নিজ অধিক্ষেত্রে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করবে। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নলডাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসেন, নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ আলী, পল্লী বিদ্যুৎ সাব-জোনাল অফিসের এজিএম আবু তাহের, উপজেলা প্রকৌশলী শামসুল আলম।
এ ছাড়াও নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, নলডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা আব্বাস আলী নান্নু, পৌর বিএনপির সাবেক সভাপতি এম এ হাফিজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, পুলিশ প্রশাসনের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









