দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নের লক্ষ্যে নাটোরে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নাটোর শহরের মাদ্রাসা মোড়ে জেলা প্রশাসন ও নাটোর পৌরসভার যৌথ আয়োজনে এ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে । কর্মসূচির আওতায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন এবং জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটোর জেলা প্রশাসক মোছাঃ সুমনী আক্তার, নাটোর পৌরসভার পৌর প্রশাসক শামিম হোসেন, সিভিল সার্জন মশিউর রহমান, নাটোর পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদ হাসানসহ জেলা ও পৌর প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
জেলা প্রশাসক মোছাঃ সুমনী আক্তার বলেন, “ডেঙ্গু প্রতিরোধ শুধু প্রশাসনের একার দায়িত্ব নয়। এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখতে হবে। সবাই সচেতন ও দায়িত্বশীল হলে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।
পৌর প্রশাসক শামিম হোসেন বলেন, “নাটোর পৌরসভার পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম আরও জোরদার করা হবে। নাগরিকদেরও নিয়মিতভাবে নিজ নিজ এলাকা পরিষ্কার রাখার পাশাপাশি পৌরসভার কর্মীদের সহযোগিতা করতে হবে।”
সিভিল সার্জন মশিউর রহমান বলেন, “ডেঙ্গু থেকে বাঁচতে সচেতনতার পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস করা জরুরি। কোথাও যেন তিন দিনের বেশি পানি জমে না থাকে, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। জ্বরসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।”
বক্তারা আরও বলেন, প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকে সম্পৃক্ত করে সম্মিলিতভাবে কাজ করতে পারলেই ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব হবে। এ লক্ষ্যে আগামী তিন মাস নাটোরজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা, মশক নিধন ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে হলে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি জনসচেতনতা বাড়াতে হবে। বাড়ির আঙিনা, ছাদ, ড্রেন, পরিত্যক্ত পাত্রসহ যেসব স্থানে পানি জমে থাকতে পারে, সেসব স্থান নিয়মিত পরিষ্কার রাখার আহ্বান জানান তারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









