বরিশালের হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য ও নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান।
শনিবার (১২ সেপ্টেম্বর) পরিদর্শনের সময় হাসপাতালের জীর্ণশীর্ণ ও ঝুঁকিপূর্ণ পরিত্যক্ত ভবন দেখে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং রোগীদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে অবিলম্বে চিকিৎসাসেবা অন্যত্র স্থানান্তরের নির্দেশ দেন।
৫০ শয্যা বিশিষ্ট এই স্বাস্থ্য কমপ্লেক্সটিতে ধারণক্ষমতার তুলনায় প্রতিনিয়ত অতিরিক্ত রোগী আসায় চিকিৎসাসেবা প্রদানে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে। স্থান সংকুলান না হওয়ায় জীর্ণ ভবনেও সেবার কাজ চালানো হচ্ছিল, যা পরিদর্শনের সময় নজর এড়ায়নি প্রতিমন্ত্রীর।পরিদর্শনকালে জীর্ণ ভবনের অবস্থা দেখে ক্ষোভ প্রকাশ করে প্রতিমন্ত্রী তাৎক্ষণিকভাবে হিজলা উপজেলা প্রকৌশলী সুকদেব কুমারকে ডেকে পাঠান। ঝুঁকি এড়াতে পরিত্যক্ত ভবন থেকে দ্রুততম সময়ের মধ্যে সেবা প্রদান কার্যক্রম নিরাপদ কোনো ভবনে স্থানান্তরের বিষযে পর্যালোচনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা ও স্থানীয় রাজনীতিকেরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অনিক বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইলিয়াস শিকদার, হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান, হিজলা উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট দেওয়ান মনির ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকনসহ স্থানীয় বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।
প্রতিমন্ত্রী আশ্বাস দেন যে, হিজলাবাসীর মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে খুব দ্রুতই বিদ্যমান সমস্যা সমাধান করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









