ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে পাবনায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম এবং পুলিশ সুপার আবু আশ্রাফ।
উদ্বোধন শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ডেঙ্গুর বাহক এডিস মশা দমনে মশক নিধন স্প্রে কার্যক্রম পরিচালনা করা হয়। পাশাপাশি বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ, ড্রেন পরিষ্কার এবং সম্ভাব্য মশার প্রজননস্থল ধ্বংসে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, “ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়, জনগণের সচেতন অংশগ্রহণও জরুরি। নিজেদের বাসা-বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস-আদালত ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল হতে হবে। জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমেই ডেঙ্গুকে কার্যকরভাবে মোকাবিলা করা সম্ভব।”
জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, “ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত তদারকি ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। একই সঙ্গে পৌরসভাসহ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে।”
এ সময় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু মশক নিধন কার্যক্রম চালালেই হবে না, নিয়মিতভাবে ময়লা-আবর্জনা পরিষ্কার রাখা এবং জমে থাকা পানি অপসারণ করতে হবে। বিশেষ করে পাবনা পৌরসভাকে মশার প্রজননস্থল ধ্বংসে আরও কার্যকর ভূমিকা রাখতে আহ্বান জানান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









