দীর্ঘদিনের অবহেলা, জমে থাকা কচুরিপানা আর বর্জ্যের স্তূপ থেকে বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা এলাকার ঐতিহ্যবাহী ‘রাজারবের খাল’ মুক্ত করতে এক অনন্য উদ্যোগ নেওয়া হয়েছে। খালটির স্বাভাবিক নাব্যতা ও পরিবেশ ফিরিয়ে আনতে বিপুল উৎসাহ-উদ্দীপনায় শুরু হয়েছে পরিচ্ছন্নতা অভিযান। উপজেলা প্রশাসনের উদ্যোগে ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিডি ক্লিন’ এর আয়োজনে প্রায় দুই শতাধিক তরুণ-তরুণী এই স্বেচ্ছাশ্রম কর্মসূচিতে অংশ নেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে মাধবপাশা ব্রিজ সংলগ্ন এলাকায় এ পরিচ্ছন্নতা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
কর্মসূচির উদ্বোধনকালে অংশগ্রহণকারীদের পরিচ্ছন্নতার শপথবাক্য পাঠ করান বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদীন। শপথ গ্রহণ শেষে তিনি নিজেও তরুণদের সঙ্গে খালে নেমে জমে থাকা কচুরিপানা ও প্লাস্টিক বর্জ্য অপসারণে অংশ নেন।
বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খন্দকারের সভাপতিত্বে এবং বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা উল হুসনার সার্বিক তত্ত্বাবধানে দিনভর এই উচ্ছেদ ও পরিষ্কার কার্যক্রম চলে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে রাজারবের খালের বিভিন্ন স্থানে বর্জ্য জমা হয়ে পানি প্রবাহ একপ্রকার বন্ধ হয়ে গিয়েছিল। ফলে বর্ষা মৌসুমে এলাকায় কৃত্রিম জলাবদ্ধতার পাশাপাশি পরিবেশ দূষণ প্রকট রূপ নেয়। খালটি নিয়মিত পরিষ্কার রাখা হলে এ অঞ্চলের পানি নিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক হবে বলে আশা করছেন তারা।
বিডি ক্লিনের স্বেচ্ছাসেবীরা ‘পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে’ এই অঙ্গীকার ব্যক্ত করে বলেন, কেবল একদিনের অভিযানেই শেষ নয়, খালটিকে দীর্ঘমেয়াদে বর্জ্যমুক্ত রাখতে স্থানীয়দের উদ্বুদ্ধ করাই তাদের মূল উদ্দেশ্য। আয়োজকরাও জানান, যত্রতত্র ময়লা ফেলা বন্ধে জনসচেতনতা বৃদ্ধির এই ধারাবাহিক চেষ্টা অব্যাহত থাকবে।
পরিচ্ছন্নতা অভিযানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমদ খান, সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম বাদশা, মোস্তাফিজুর রহমান ফারুক, আরিফুর রহমান শিমুল সিকদার এবং রহমতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. রাজন সিকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









