ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজের পিলারে সাথে পিকনিকের নৌকার ধাক্কায় নদীতে পড়ে নিখোঁজ হওয়া ছাত্রদল নেতা রাকিবুজ্জামান রকির (২২) লাশ ৩৮ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।
রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঈশ্বরদীর চরকুড়ুলিয়া আকাতের ঘাট এলাকায় পদ্মার শাখা নদী থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত রাকিবুল ইসলাম রকি ঝিনাইদহের শৈলকূপা পৌর ছাত্রদলের সদস্য সচিব।
স্থানীয় সেলিম রেজা জানান, রবিবার সকাল ৯টার দিকে চরকুড়ুলিয়া গ্রামের আকাতের ঘাট এলাকায় পদ্মার শাখা নদীতে একটি লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে খবর দেওয়া হয় নৌ-পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, শুক্রবার রাত সোয়া ৯টার দিকে পিকনিকের নৌকাটি হার্ডিঞ্জ ব্রিজের ৫ নম্বর পিলারে ধাক্কা খায়। এতে রকিসহ তিনজন নদীতে ছিটকে পড়ে নিখোঁজ হন। খবর পেয়ে নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। পরে মো. লিটন (৩৮), মো. ওয়াহাব (৪৫) ও সোহাগ (২৫) নামে তিনজনকে জীবিত উদ্ধার করা হয়। তবে রকির কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।
নৌকায় থাকা যাত্রীরা জানান, শুক্রবার সকালে কুষ্টিয়ার কাতলাগাড়ী গড়াই নদী থেকে নৌকাযোগে পদ্মা নদীতে পিকনিকে বের হন শতাধিক মানুষ। দিনভর পিকনিক শেষে রাতে ফেরার পথে হার্ডিঞ্জ ব্রিজের কাছে পৌঁছালে নৌকাটি ব্রিজের ৫ নম্বর পিলারে সজোরে ধাক্কা দেয়। এতে কয়েকজন যাত্রী নদীতে পড়ে যান।
দীর্ঘ সময় ধরে উদ্ধার অভিযান চালিয়েও রকির সন্ধান না পাওয়ায় স্বজন ও সহযাত্রীদের মধ্যে উৎকণ্ঠা তৈরি হয়। অবশেষে ঘটনার প্রায় ৩৮ ঘণ্টা পর চরকুড়ুলিয়া আকাতের ঘাট এলাকায় পদ্মার শাখা নদীতে তার মরদেহ ভেসে ওঠে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বলেন, ‘পদ্মার শাখা নদীতে একটি লাশ ভেসে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে লাশটি উদ্ধার করা হয়। উদ্ধার করা মরদেহটি নিখোঁজ ছাত্রদল নেতা রাকিবুল ইসলাম রকির বলে নিশ্চিত হওয়া গেছে।’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









