সিরাজগঞ্জের তাড়াশের নওগাঁর শাকুয়াদিঘী এলাকার বাঘমারা পদ্মবিল এখন প্রকৃতিপ্রেমী ও ভ্রমণপিপাসু পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। বিস্তীর্ণ বিলজুড়ে প্রাকৃতিকভাবে ফুটে থাকা হাজারো লাল ও গোলাপি পদ্মফুল এক অপরূপ সৌন্দর্যের সৃষ্টি করেছে, যা সহজেই যেকোনো দর্শনার্থীর মন কেড়ে নিচ্ছে। প্রতিদিন ভোর থেকেই দূর-দূরান্ত থেকে আসা পর্যটকরা ভিড় করছেন এই বিলে।
সরেজমিনে রবিবার সকালে এই বিলে গিয়ে দেখা যায়, ভোরের আলো ফোটার সাথে সাথে যখন পদ্মের পাপড়িগুলো মেলতে শুরু করে, তখন বিল যেন এক স্বর্গীয় রূপ ধারণ করে। দর্শনার্থীরা ছোট ছোট নৌকায় করে বিলের ভেতরে ঘুরে বেড়াচ্ছেন এবং নান্দনিক এই দৃশ্য ক্যামেরাবন্দি করছেন।
স্থানীয় বাসিন্দা সুজন মাহমুদ জানান, এ বছরই প্রথম এ বিলে পদ্মফুল ফুটতে দেখা যাচ্ছে। আর এ বিলের পদ্মফুলের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পরায় জেলার বিভিন্ন স্থান থেকে পর্যটকেরা আসছেন ঘুরতে। পর্যটকদের জন্য নৌকার তেমন ব্যবস্থা না থাকায় একটু বিড়ম্বনা পোহাতে হচ্ছে তাদের।
এদিকে তাড়াশের সংস্কৃতিকর্মী ও পরিবেশকর্মী শেখ সাদী সোহাগ বলেন, ‘দর্শনার্থীদের অসচেতনতার কারণে অনেক সময় ফুল ছিঁড়ে ফেলার অভিযোগ উঠছে, যা বিলের প্রাকৃতিক সৌন্দর্যকে হুমকির মুখে ফেলছে।’’ প্রকৃতির এই অপরূপ সৃষ্টিকে টিকিয়ে রাখতে পর্যটকদের আরও সচেতন হওয়ার এবং ফুল না ছেঁড়ার আহ্বান জানিয়েছেন তিনি।
তাড়াশের নওগাঁ জিন্দানী ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রভাষক সনাতন দাশ বলেন, ‘‘তাড়াশের বাঘমারা বিলে দীর্ঘ বিরতির পর ২০২০ সাল থেকে নিয়মিতভাবে পদ্মফুল ফুটছে। প্রায় চার দশক এ বিলে এই ফুলের দেখা মেলেনি। দেশের বিভিন্ন জায়গা থেকেও ফুলের সৌন্দর্য উপভোগ করতে আসছেন এই বিলে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









