সিরাজগঞ্জে পৃথক দুটি দুর্ঘটনায় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাতনামা ব্যক্তি (৫০) এবং বালুবোঝাই ট্রাকের চাপায় নুরজাহান আক্তার (৫৬) নামে এক পথচারী নারী নিহত হয়েছেন।
রবিবার (১৩ সেপ্টেম্বর) এদুটি দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও সিরাজগঞ্জের কামারখন্দ সূত্রে জানা যায়, রবিবার বেলা আড়াইটার দিকে কামারখন্দ উপজেলার জামতৈল এলাকার হালুয়াকান্দি রেলব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী ‘একতা এক্সপ্রেস’ ট্রেনটি হালুয়াকান্দি রেলব্রিজ এলাকায় পৌঁছালে ওই ব্যক্তি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়দের ধারণা, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। দুর্ঘটনার সময় তার শরীরে কোনো পোশাক ছিল না। তিনি জামতৈলের দিকে যাওয়ার সময় রেললাইনে উঠলে ট্রেনে কাটা পড়েন এবং তার মাথা রেলব্রিজের নিচে পড়ে যায়।
জামতৈল রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার (ইনচার্জ) আবু হান্নান জানান, ‘একতা এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি মারা গেছেন। তার নাম-পরিচয় এখনো জানা যায়নি, তবে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
অন্যদিকে, সিরাজগঞ্জের কাজিপুরে রবিবার ভোরে সিরাজগঞ্জ-কাজিপুর মহাসড়কের শিমুলদাইড় এলাকায় নিয়ন্ত্রণ হারানো এক ট্রাকের চাপায় নুরজাহান আক্তার নামের এক নারী নিহত হন। নিহত নুরজাহান শিমুলদাইড় গ্রামের রোস্তম আলীর স্ত্রী।
কাজিপুর থানার এসআই ফরহাদ হোসেন জানান, বালুবোঝাই একটি ট্রাক বগুড়ার শেরপুরের দিকে যাওয়ার সময় শিমুলদাইড় এলাকায় বাড়ির সামনে রাস্তার পাশে হেঁটে চলা নুরজাহান আক্তারকে সজোড়ে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। ঘাতক ট্রাকটি জব্দ করে থানায় রাখা হয়েছে এবং এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









