সিরাজগঞ্জের তাড়াশে এক কৃষকের গোয়ালঘরের তালা ভেঙে আটটি গরু চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়া গরুগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় আট লাখ টাকা বলে জানা গেছে।
গত রবিবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার পর তাড়াশ পৌরসভার খুটিগাছা গ্রামে এ দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক হায়দার আলীর ছেলে জাহিদ হাসান জানান, প্রতিদিনের মতো রাতে গরুগুলো গোয়ালঘরে রেখে তালাবদ্ধ করে দেওয়া হয়েছিল। গভীর রাতে দুর্বৃত্তরা গোয়ালঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং আটটি গরু নিয়ে পালিয়ে যায়। সোমবার সকালে গোয়ালঘরে গিয়ে তালা ভাঙা ও গরু না দেখে চুরির বিষয়টি টের পান তারা। পরে আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজ নিয়েও গরুগুলোর কোনো সন্ধান পাওয়া যায়নি।
কান্নাজড়িত কণ্ঠে কৃষক হায়দার আলী বলেন, "গরুগুলোই ছিল আমার পরিবারের একমাত্র সম্বল ও গুরুত্বপূর্ণ সম্পদ। একসাথে আটটি গরু চুরি হয়ে যাওয়ায় আমি আর্থিকভাবে একেবারে নিঃস্ব ও বড় ধরনের ক্ষতির মুখে পড়েছি।
"স্থানীয় বাসিন্দারা জানান, রাতের আঁধারে কোনো সংঘবদ্ধ চোরের দল এ ঘটনা ঘটিয়েছে। এলাকায় দিন দিন গরু চুরির উপদ্রব বেড়ে যাওয়ায় তারা আতঙ্কিত। চুরির ঘটনা ঠেকাতে অবিলম্বে এলাকায় রাতের বেলায় নৈশকালীন পাহারা জোরদার এবং আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।
এ বিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ইমাম জাফর বলেন, "খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরি যাওয়া গরুগুলো উদ্ধার এবং এর সঙ্গে জড়িত চক্রটিকে শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









