ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন নাটোরের সিংড়া উপজেলার তেলীগ্রামের ৩৩ বছর বয়সী মো. আবুল বাশার। চিকিৎসা শুরু ও পরবর্তী ব্যয় নির্বাহে তাঁর প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকা প্রয়োজন। অসুস্থতার কারণে হারিয়েছেন চাকরিও। বর্তমানে চিকিৎসার খরচ জোগাড় করতে না পেরে সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষের সহযোগিতার আশায় দিন কাটছে তাঁর।
আবুল বাশার সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়নের তেলীগ্রাম গ্রামের মৃত আব্দুল মোত্তালীব ও মোছা. শিরিনা বেগমের ছেলে। পাঁচ ভাইবোনের মধ্যে তিনি সবার ছোট। ব্যক্তি জীবনে তিনি স্নাতক ডিগ্রিধারী ও অবিবাহিত।
পরিবার সূত্রে জানা যায়, অসুস্থ হওয়ার আগে আবুল বাশার পাট অধিদপ্তরের একটি প্রকল্পে আউটসোর্সিংয়ের মাধ্যমে একটি ছোট পদে চাকরি করতেন। ব্লাড ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর শারীরিক অসুস্থতার কারণে চাকরিটি আর চালিয়ে যেতে পারেননি। এতে একদিকে যেমন চিকিৎসার ব্যয় বেড়েছে, অন্যদিকে কর্মক্ষমতা হারিয়ে তাঁর আয়-রোজগারের পথও বন্ধ হয়ে গেছে।
চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা চেয়ে কিছুদিন আগে মানুষের কাছে আবেদন জানান আবুল বাশার। তাঁর আবেদনে সাড়া দিয়ে অনেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এ পর্যন্ত প্রায় ২ লাখ টাকা সংগ্রহ হয়েছে। তবে চিকিৎসার জন্য প্রয়োজনীয় ২০ থেকে ২৫ লাখ টাকার তুলনায় সংগৃহীত অর্থ খুবই অপ্রতুল।
আবুল বাশার বলেন, “বাঁচার ইচ্ছা আছে, প্রয়োজন শুধু আপনাদের সহযোগিতা। আপনাদের সামান্য সহযোগিতাও আমার চিকিৎসার পথে বড় একটি আশার আলো হতে পারে। যারা ইতোমধ্যে আমার পাশে দাঁড়িয়েছেন, তাঁদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।”
আবুল বাশারের মা মোছা. শিরিনা বেগম ছেলের চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষের কাছে সহযোগিতার আকুতি জানিয়েছেন। তিনি বলেন, ছেলের চিকিৎসার ব্যয় বহন করার মতো সামর্থ্য তাঁদের পরিবারের নেই। মানুষের সহযোগিতা ছাড়া তাঁর ছেলের চিকিৎসা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে।
শেরকোল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আঃ মালেক বলেন, বিষয়টি সম্পর্কে আমরা অবগত হয়েছি, এমপি মহোদয়ের সাথে আলোচনা করে সহযোগিতা করার জন্য যথাসাধ্য চেষ্টা করছি।
সহযোগিতা পাঠানোর তথ্য:
মো. আবুল বাশার
বিকাশ/নগদ/রকেট (পার্সোনাল) ০১৭২২৩২০২০৮
ইসলামী ব্যাংক, সিংড়া শাখা
হিসাব নম্বর: ২০৫০৪১৪০২০০৭৮৪৩০০
সোনালী ব্যাংক, সিংড়া শাখা
হিসাব নম্বর: ৪৯১২২০১০৩১৯৪০


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









