ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যানচেস্টার সিটির জয়সূচক গোলটি নিয়ে বিতর্ক থামছে না। ১০ জনের দল নিয়ে সিটির ১-০ গোলের জয়ে এরলিং হালান্ডের করা গোলটি আদতে বৈধ ছিল না বলে স্বীকার করেছে প্রিমিয়ার লিগের ম্যাচ অফিসিয়ালদের নিয়ন্ত্রণকারী সংস্থা ‘প্রো রেফ’।
রবিবার (১৩ সেপ্টেম্বর) ম্যাচের ৬০ মিনিটে জোস্কো গ্ভার্দিওলের ক্রস থেকে বল জালে জড়ান হালান্ড। প্রথমে সহকারী রেফারি অফসাইডের পতাকা তুললেও দীর্ঘ সময় ধরে ভিএআর পর্যালোচনার পর গোলটি বহাল রাখা হয়। তখন জানানো হয়েছিল, বল গ্রহণের সময় হালান্ড প্রতিপক্ষের ডিফেন্ডার প্যাট্রিক ডোরগুর সঙ্গে একই লাইনে ছিলেন।
তবে গোলটি নিয়ে নতুন জটিলতা তৈরি হয় এনজো ফার্নান্দেজের অবস্থানকে ঘিরে। বলের দিকে এগিয়ে যাওয়ার সময় এনজো অফসাইড অবস্থানে থাকলেও তিনি বলে কোনো স্পর্শ করেননি—এই যুক্তিতে গোলটি দেওয়া হয়েছিল। ম্যাচ শেষে ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার লিসান্দো মার্টিনেজ ও কোচ মাইকেল ক্যারিক সিদ্ধান্তটিকে ‘অন্যায্য’ ও ‘হতবাক করার মতো’ বলে ক্ষোভ প্রকাশ করেন।
মার্টিনেজ জানান, এনজো অফসাইড অবস্থানে থেকে বাধা দেওয়ায় তিনি হালান্ডকে মার্ক করতে পারেননি।
তুমুল সমালোচনার মুখে ম্যাচ শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ভুল স্বীকার করে বিবৃতি দেয় ‘প্রো রেফ’। সংস্থাটির এক মুখপাত্র জানান, এনজো ফার্নান্দেজ বলে স্পর্শ না করলেও ভিএআর দল তার অবস্থানের সম্ভাব্য প্রভাব সঠিকভাবে মূল্যায়ন করতে পারেনি। এটি বিচারিক ভুল ছিল এবং ভিএআরের উচিত ছিল মাঠের রেফারিকে অন-ফিল্ড পর্যালোচনার পরামর্শ দেওয়া।
ম্যাচটি ১-০ গোলে হেরে যাওয়ার পর এই ত্রুটিপূর্ণ সিদ্ধান্তকে ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য বড় ধাক্কা হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। ম্যানচেস্টার ইউনাইটেড কর্তৃপক্ষের কাছে ইতিমধ্যে ক্ষমা চেয়ে ঘটনার আনুষ্ঠানিক পর্যালোচনার কথা জানিয়েছে রেফারিং সংস্থা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









