রাঙামাটি জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ও রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার দিপু এবং নবনিযুক্ত জেলা পরিষদ সদস্য ও রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদকে বরণ করে নিতে রাঙামাটির বাঘাইছড়িতে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সোমবার (১৪ সেপ্টেম্বর) পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মডেল টাউন এলাকা থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মিলনায়তনে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা দলীয় পতাকা ও ব্যানার নিয়ে বিভিন্ন স্লোগান দেন। শোভাযাত্রায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
শোভাযাত্রায় রাঙামাটি জেলা বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও বাঘাইছড়ি উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শোভাযাত্রা শেষে আয়োজিত সমাবেশে রাঙামাটি জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার দিপু বলেন, ‘‘বাঘাইছড়ির নেতাকর্মীদের এই ভালোবাসা ও উষ্ণ অভ্যর্থনায় তিনি অভিভূত।’’
দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের পাশে থেকে তাদের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে। রাঙামাটি জেলা পরিষদকে দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের কল্যাণে কাজে লাগানো হবে।’’
রাঙামাটি জেলা পরিষদের নবনিযুক্ত সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ বলেন, ‘‘নতুন জেলা পরিষদ গঠনের মধ্য দিয়ে দলের নেতাকর্মীদের মনের আশা পূরণ হয়েছে।’’ এই আশা-আকাঙ্ক্ষা পূরণের উপহার দেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান তিনি।
অ্যাডভোকেট মামুনুর রশিদ বলেন, “আগামীতে এটাই হবে আমাদের প্রতিজ্ঞা- নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করতে হবে। সবাই মিলে কাজ করে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে।” জেলা পরিষদের নবনিযুক্ত সদস্য হিসেবে বাঘাইছড়িসহ রাঙামাটি জেলার প্রত্যন্ত এলাকার মানুষের সমস্যা ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে কাজ করার চেষ্টা করবেন বলে জানান তিনি।
পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কার্যক্রম, স্থানীয় বিভিন্ন সমস্যা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা হয়। নবনিযুক্ত জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্যসহ সংশ্লিষ্টরা উপজেলার উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে মতবিনিময় করেন।
সভায় বক্তারা বাঘাইছড়ির উন্নয়ন, সরকারি সেবার মান বৃদ্ধি এবং জনগণের বিভিন্ন সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









