রোগের প্রাদুর্ভাব থেকে গবাদিপশু ও হাঁস-মুরগিকে সুরক্ষিত রাখতে রাজশাহীর পবা উপজেলায় বিনামূল্যে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে বড়গাছী ইউনিয়নের তালগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।
তিনি বলেন, ‘‘বর্ষা মৌসুমে গরু, ছাগল, হাঁস-মুরগি বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকে। তাই আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিনামূল্যে টিকাদানের উদ্যোগ নেওয়া হয়েছে।’’
তিনি আরও বলেন, ‘‘পবা উপজেলায় গবাদিপশু, হাঁস-মুরগি ও মাছ উৎপাদনের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে প্রান্তিক খামারিদের প্রয়োজনীয় সহযোগিতা দিতে হবে।’’ দেশের জনশক্তিকে জনসম্পদে পরিণত করতে সবাইকে উৎপাদনমুখী কাজে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীন। তিনি বলেন, ‘‘গবাদিপশু ও হাঁস-মুরগি অনেক পরিবারের বাড়তি আয়ের উৎস। রোগে আক্রান্ত হয়ে এগুলো মারা গেলে প্রান্তিক খামারিরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। তাই তাদের কথা বিবেচনা করে বিনামূল্যে টিকা দেওয়া হচ্ছে।’’
তিনি জানান, ‘‘কর্মসূচির আওতায় গরুর তড়কা, বাদলা ও গলাফুলা, ছাগলের পিপিআর, মুরগির রানীক্ষেত এবং হাঁসের ডাকপ্লেগ রোগের বিরুদ্ধে মোট ৮৩ হাজার ৫০০টি টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে।’’
এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল লতিফ, ভেটেরিনারি সার্জন ডা. মো. সোহরাব খানসহ উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









