গাজীপুরের কালিয়াকৈরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়িয়া গ্রামের এক ব্যক্তি (৩১), একই উপজেলার বাগদরিয়া গ্রামের অপু মিয়া (২৭), মাদারদহ গ্রামের ফারুক মিয়া (৩০), দিকবাড়ি গ্রামের আনজু মিয়া (৪০) এবং বগুড়া সদর উপজেলার সরলপুর গ্রামের খোকন মিয়া (২৭)।
পুলিশ জানায়, রবিবার দিবাগত রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় একটি ডাকাত চক্র ডাকাতির প্রস্তুতি নিচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ তাদের ধাওয়া করে পাঁচজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়। পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন জেলায় ডাকাতি ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।
সোমবার কালিয়াকৈর থানায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা করা হয়েছে। পরে গ্রেপ্তার পাঁচজনকে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়।
কালিয়াকৈর থানার ওসি শহীদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও একটি ট্রাক জব্দ করা হয়েছে। ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









