সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, ‘‘ফ্যাসিবাদের কিছু কিছু মাথা চাড়া দিয়ে ওঠার নমুনা আমরা দেখতে পাচ্ছি, আমরা যেসব ফ্যাসিবাদকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি সেই ফ্যাসিবাদ যেন আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেটার ব্যবস্থা নিতে হবে।’’
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে নাটোরের লালপুরে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মাসিক উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘‘কোনভাবে লালপুরে আমরা ফ্যাসিবাদের পদচিহ্ন দেখতে চাই না, ফ্যাসিবাদের বিরুদ্ধে সামাজিকভাবে এবং প্রশাসনিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে, কারণ এরা আমাদের সন্তানদের উপর গুলি চালিয়েছে, ১৭ বছর আমাদের উপর জুলুম ও নির্যাতন চালিয়েছে।’’
এ সময় প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল আরও বলেন, ‘‘কোনো দুর্নীতির ভাগীদার আমরা হতে চাই না, জনপ্রতিনিধিদের প্রতি সাধারণ মানুষের যে বাজে ধারণা তৈরি হয়েছে গত ১৭ বছরের সেখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে।’’
তিনি বলেন, ‘‘আমরা সমাজের পরিবর্তন আনতে চাচ্ছি, সমাজে জনগণের জন্য সরকার যেটা দিয়েছে, সেটা সুষম বণ্টন করতে হবে, এগুলো কোনো নেতার হাতে দেওয়া যাবে না।’’
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আবীর হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার প্রীতম কুমার হোড়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মুনজুর রহমান, লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুনার রশিদ পাপ্পু, লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম প্রমুখ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









