নাটোরের গুরুদাসপুরে রাবেয়া বসরী মহিলা মাদরাসায় থেকে পড়াশোনা করা খাদিজা খাতুন (১৬) নামের এক ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার নাজিরপুর ইউনিয়নের চন্দ্রপুর ওয়াপদা এলাকার ওই মাদরাসায় ঘটনাটি জানাজানি হলে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়।
নিহত খাদিজা খাতুন পাশের সিংড়া উপজেলার শালিখা গ্রামের খলিল মিয়ার মেয়ে। সে ওই মাদরাসায় আবাসিক থেকে পড়াশোনা করত।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মাদরাসায় ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্নের জন্ম হয়। কখন ও কীভাবে তার মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি হত্যা, দুর্ঘটনা নাকি আত্মহত্যা—তা নিয়ে এলাকায় নানা গুঞ্জন চলছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতের পরিবার বা পুলিশের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো হত্যার অভিযোগ করা হয়নি।
এদিকে, ঘটনার বিষয়ে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য মাদরাসার সুপার মো. সোলাইমান ও তাঁর স্ত্রীকে নাটোর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) হেফাজতে নিয়েছে বলে জানা গেছে। উল্লেখযোগ্য যে, নিহত ছাত্রী খাদিজা ও মাদরাসা সুপার সোলাইমান একই গ্রামের বাসিন্দা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









