দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক নেতাকর্মীদের নানা কর্মকাণ্ড নিয়ে যখন আলোচনা-সমালোচনা চলছে, তখন গাজীপুরে ব্যতিক্রমী একটি উদ্যোগ নিয়েছেন মহানগর কৃষকদলের সহ-সভাপতি, সাবেক গাজীপুর সিটি করপোরেশনের কর্মকর্তা ও ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান মৃধা। নিজ এলাকার ৭৫ জন নারী-পুরুষকে নিজস্ব অর্থায়নে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের মক্কা নগরীতে নিয়ে গেছেন তিনি।
মঙ্গলবার দুপুরে ৩৯ নম্বর ওয়ার্ডের এসব নারী-পুরুষকে সঙ্গে নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা দেন নুরুজ্জামান মৃধা। যাত্রার আগে ওমরাহ পালনকারীদের নিরাপদ সফর এবং সুস্থভাবে দেশে ফেরার কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
সংশ্লিষ্টদের ভাষ্য, নুরুজ্জামান মৃধা এর আগেও বিভিন্ন ব্যক্তিকে হজ ও ওমরাহ পালনে সহযোগিতা করেছেন। এবারের ৭৫ জনসহ তার উদ্যোগে এ পর্যন্ত মোট ১৭৬ জন পবিত্র হজ ও ওমরাহ পালনের সুযোগ পেয়েছেন বলে তার পক্ষ থেকে জানানো হয়েছে।
এলাকাবাসীর দাবি, ধর্মীয় কর্মকাণ্ডের পাশাপাশি নুরুজ্জামান মৃধা এলাকার বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডেও সহযোগিতা করে আসছেন। তার সহযোগিতা শুধু মুসলিম সম্প্রদায়ের মধ্যেই সীমাবদ্ধ নয়; এলাকার অন্যান্য ধর্মাবলম্বী মানুষের বিভিন্ন প্রয়োজনেও তিনি সহায়তার হাত বাড়িয়ে দেন বলে স্থানীয়রা জানান।
ওমরাহ পালনে যাওয়া মো. মাসুদ আলম বলেন, “আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে এমন একটি মহৎ কাজে শরিক হওয়ার সুযোগ পেয়েছি। নুরুজ্জামান মৃধা ভাইয়ের জন্য আমরা সবার কাছে দোয়া চাই।”
এ বিষয়ে আলহাজ্ব নুরুজ্জামান মৃধা বলেন, “আমি আমার সাধ্যমতো জনগণের সেবা করার চেষ্টা করি। কতটুকু করতে পারছি, তা আমার এলাকাবাসী বিচার-বিশ্লেষণ করবেন। আমার সঙ্গে পবিত্র মক্কা নগরীতে যাওয়া ৭৫ জনের জন্য সবাই দোয়া করবেন, যেন তারা সুস্থভাবে ওমরাহ পালন করে দেশে ফিরতে পারেন। আমিও যেন সুস্থ শরীরে দেশে ফিরে আবারও জনগণের পাশে থেকে উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশ নিতে পারি—এ জন্য সবার কাছে দোয়া চাই।”
ভবিষ্যতেও মানুষের কল্যাণে এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
স্থানীয়দের মতে, ব্যক্তিগত উদ্যোগে একসঙ্গে ৭৫ জনকে ওমরাহ পালনের সুযোগ করে দেওয়ার ঘটনাটি এলাকায় নতুন করে আলোচনা তৈরি করেছে। সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে এমন উদ্যোগ জনকল্যাণমূলক কার্যক্রমে ব্যক্তি উদ্যোগের একটি দৃষ্টান্ত হয়ে উঠতে পারে বলে তারা মনে করছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









