নীলফামারীর ডিমলা সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২১ পিস ইয়াবাসহ মোস্তাকিম (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাঁর কাছ থেকে মাদক বিক্রির নগদ ১ লাখ ৫২ হাজার টাকা, একটি মোটরসাইকেল, দুটি স্মার্টফোনসহ বিভিন্ন চোরাচালানসামগ্রী জব্দ করা হয়েছে।
গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে ডিমলা উপজেলার বালাপাড়া এলাকার তেলিয়াপাড়া মোড়ে এই অভিযান চালানো হয়। রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) অধীন থানারহাট বিওপির একটি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, মাদকের একটি বড় চালান বেচাকেনার উদ্দেশ্যে কয়েকজন ব্যক্তি ওই এলাকায় অবস্থান করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ চক্রটি পালানোর চেষ্টা করলে ধাওয়া করে মোস্তাকিমকে হাতেনাতে আটক করা হয়।
আটক মোস্তাকিম ডিমলা উপজেলার শোভনগঞ্জ ইউনিয়নের তেলিয়াপাড়া গ্রামের সবুর উদ্দিনের ছেলে।
বিজিবি জানায়, আটক মোস্তাকিমের দেহ ও সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ২১ পিস ইয়াবা, দুটি স্মার্টফোন, দুটি সিমকার্ড, একটি মোটরসাইকেল, একটি স্কুলব্যাগ এবং নগদ ১ লাখ ৫২ হাজার টাকা উদ্ধার করা হয়। জব্দকৃত এসব মালামালের মোট সিজার মূল্য ৩ লাখ ৪০ হাজার ১০০ টাকা বলে জানিয়েছে সংস্থাটি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মোস্তাকিম মাদক কারবারের সঙ্গে নিজের জড়িত থাকার কথা স্বীকার করেছেন এবং গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে এই চক্রের সঙ্গে মোকলেস হোসেন ও জহির উদ্দিন জুয়েল নামে আরও দুজনের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করেছে বিজিবি। পলাতক ওই দুজনের বাড়িও ডিমলা উপজেলায়।
উদ্ধারকৃত আলামতসহ আটক মোস্তাকিমকে ডিমলা থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক দুই সহযোগীকে গ্রেফতারেও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
সীমান্ত অঞ্চলে মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অধিনায়ক জানিয়েছেন, মাদকের বিরুদ্ধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও এমন সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









