রাজশাহীর দুর্গাপুরে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সভাপতি, গণিত ও ইংরেজি শিক্ষকদের সমন্বয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা হলরুমে এই সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা ফারজানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম।
দুর্গাপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার জনাব মোঃ মহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব লায়লা আক্তার জাহান।
সভায় উপজেলায় মাধ্যমিক পর্যায়ে শিক্ষার মান বৃদ্ধি,পড়াশোনার সার্বিক পরিবেশ তৈরি এবং গণিত ও ইংরেজি বিষয়ে শিক্ষার্থীদের পাশের হার কম হওয়ার মূল কারণগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় আমন্ত্রিত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকমণ্ডলী নিজ নিজ প্রতিষ্ঠানের সমস্যা, চ্যালেঞ্জ এবং শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম বলেন, শিক্ষার সার্বিক মানোন্নয়নে শিক্ষক ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির ভূমিকা অপরিসীম। শ্রেণি কক্ষে পাঠদানের গুণগত মান বৃদ্ধি এবং গণিত ও ইংরেজির ভীতি দূর করতে শিক্ষকদের আরও আন্তরিক হতে হবে। শিক্ষার্থীদের আশানুরূপ ফলাফল নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও পরিচালনা পর্ষদকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









