জলাতঙ্ক রোগ প্রতিরোধ এবং মানুষ ও প্রাণীর নিরাপদ সহাবস্থান নিশ্চিতের লক্ষ্যে যশোরের বেনাপোল পৌর এলাকার বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্ক টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। বেনাপোল পৌরসভার উদ্যেগে গত সোমবার(১৪ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া বেওয়ারিশ কুকুরের ভ্যাক্সিনেশ ক্যাম্পেইন-২০২৬ আজ বুধবার (১৬ সেপ্টম্বর) শেষ হবে।
বেনাপোল পৌরসভার স্যানেটারি ইন্সপেক্টর রাশিদা খাতুন ভ্যাক্সিনেশনের বিষয়টি নিশ্চিত করে বলেন পৌর এলাকার বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্ক টিকা দেওয়াসহ শনাক্তের জন্য লাল রং লাগিয়ে দেওয়া হচ্ছে। “ একটি টিকা একটি জীবন;একটি নিরাপদ শহর” এ স্লোগানকে সামনে রেখে বেনাপোল পৌরসভার ৯টি ওয়ার্ডে বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্ক টিকা দেওয়া হচ্ছে। পৌরসভার কর্মীরা বিশেষ জাল ব্যবহার করে বেওয়ারিশ কুকুর ধরে নিরাপদ উপায়ে টিকা দান কার্যক্রম পরিচালনা করছেন।
এ সময় স্থানীয় উৎসুক জনতার ভিড় লক্ষ্যনীয় ছিল। উল্লেখ্য জলাতঙ্ক একটি ভাইরাসজনিত রোগ,যা আক্রান্ত প্রাণীর লালা সাধারণত কামড় বা আঁচড়ের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করলে সংক্রমিত হতে পারে। ২০১০ সালের আগে বাংলাদেশে বছরে আনুমানিক ২ হাজার মানুষ জলাতঙ্কে মারা যেত। ডাব্লু এইচ ও এর ২০২২ সালের তথ্য অনুযায়ী গণহারে কুকুরের টিকাদান কার্যক্রম পরিচালিত হওয়ায় বাংলাদেশে জলাতঙ্কের সংখ্যা ৫০ শতাংশের বেশি কমেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









