সুন্দরবনের সংরক্ষিত অভয়ারণ্যে অবৈধ প্রবেশ ও মাছ ধরার অপরাধে পাঁচ জেলেকে আটক করেছে বনরক্ষীরা। এসময় জেলেদের কাছ থেকে দুটি নৌকা ও বিভিন্ন প্রজাতির আড়াই মণ মাছ জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের শ্যালারচর টহল ফাঁড়ির আদানি গুরগুরিয়া খালে মাছ ধরার সময় তাদেরকে আটক করা হয়।
আটক জেলেরা হলেন খুলনা জেলার পাইকগাছা উপজেলার বেকটমারী গ্রামের আ. সালাম (৩৫), কদম আলী (৪০), জহুরুল হক সরদার (৪৫), আবু বক্কর (৫০) ও সোহরাব হোসেন গাজী (৫৮)।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা মো. খলিলুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শ্যালারচর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মো. মিজানুর রহমানের নেতৃত্বে বনরক্ষীরা নিষিদ্ধ আদানি গুরগুরিয়া খালে অভিযান চালায়। এ সময় জেলেদের দেখতে পেয়ে বনরক্ষীরা এগিয়ে যান এবং পাঁচ জেলেকে আটক করেন। ঘটনাস্থল থেকে জেলেদের দুটি নৌকা এবং আহরিত বিভিন্ন প্রজাতির আড়াই মণ মাছ জব্দ করা হয়।
পূর্ব সুন্দরবন বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেন, ‘‘আটক জেলেদেরে বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে দুপুরে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে। সংরক্ষিত অভয়ারণ্যে কোনো জেলে যাতে মাছ ধরতে না পারে সে ব্যাপারে বনরক্ষীদের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









