ঠাকুরগাঁওয়ে সাইবার সুরক্ষা আইনের মামলায় শাওন আমিন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) তাকে আদালতে প্রেরণ করা হয়।
ডিবি সূত্রে জানা গেছে, শাওন আমিনের বিরুদ্ধে ডিবিতে সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫-এর ২৫(২)/২৭ ধারায় একটি মামলা (মামলা নং: ৪১/২৪৪, তারিখ: ২৪/০৭/২০২৬) তদন্তাধীন রয়েছে। এর আগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের হালিশহর থানার সহযোগিতায় গত ১৬ সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন ঠাকুরগাঁও ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
ডিবি পুলিশ জানায়, উক্ত মামলায় গ্রেপ্তারকৃত সহ-আসামি কুঞ্জমোহন পাল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। জবানবন্দিতে কুঞ্জমোহন জানান, শাওন আমিনের নির্দেশে ও টাকার বিনিময়ে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য, অশ্লীল ছবি এবং এআই (AI) প্রযুক্তি দিয়ে তৈরি কনটেন্ট ছড়াতেন। তিনি আরও জানান, শাওন আমিন 'ঠাকুরগাঁও আপডেট' ফেসবুক পেজের মূল অ্যাডমিন এবং এসব কুরুচিপূর্ণ পোস্টের মাধ্যমে ভুক্তভোগীদের ব্ল্যাকমেইল করা হতো।
ডিবি পুলিশ আরও জানায়, শাওন আমিনের বিরুদ্ধে পঞ্চগড়ের আটোয়ারী থানায় সাইবার ক্রাইম সংক্রান্ত ৩টি মামলার ওয়ারেন্ট মুলতবি রয়েছে। এছাড়া ঠাকুরগাঁও সদর থানায় সাংবাদিক জয় মহন্ত অলকের একটি প্রসিকিউশন মামলা এবং ঢাকার একটি থানায় সাধারণ ডায়েরি (জিডি) তদন্তাধীন। পূর্বে কক্সবাজার ও চট্টগ্রামে জাহাজে চাকরি করার সময়ও তার বিরুদ্ধে একাধিক অপরাধে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।
শাওন আমিনের আইনজীবী অ্যাডভোকেট মোঃ ইমরান হোসেন চৌধুরী জানান, মামলার তদন্তের স্বার্থে আদালত ২১ সেপ্টেম্বর (সোমবার) শুনানির দিন ধার্য করেছেন। সেদিন জামিনের জন্য আবেদন করা হবে। অন্যদিকে, পুলিশ আসামির পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছে, যা শুনানির দিন সিদ্ধান্ত হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









