চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি ও ২টি ম্যাগাজিনসহ মো. মশিউর রহমান নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে শিবগঞ্জের বালিয়াদিঘী ধনীপাড়া সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। বিজিবি জানায়, তল্লাশির সময় মোটরসাইকেল আরোহী মশিউর পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ২ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে তাকে আটক করেন। পরে তার কাছে অস্ত্র-গোলাবারুদ পাওয়ার পাশাপাশি তার ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ৪ লাখ ৩৫ হাজার ৮০০ টাকা।
আটক মশিউর রহমান চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার তিলকী গ্রামের জেম আলীর ছেলে।
৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চোরাচালান ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে এবং আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









