নাটোরে মেয়ে সংক্রান্ত বিরোধের জেরে আক্তার হোসেন (২৬) নামে এক যুবককে বেধড়ক মারপিটের ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে উপজেলা যুবদলের এক নেতা ও ছাত্রদলের দুই কর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন— বাঁশিলা গ্রামের মৃত জমসেদ খানের ছেলে ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ জিয়াউর রহমান ওরফে জিয়া (৪৫), মোঃ মাসুদের ছেলে ছাত্রদল কর্মী মোঃ শাকিল (২৫) এবং সেন্টু ওরফে কান্টুর ছেলে ছাত্রদল কর্মী মোঃ হিমেল (২৫)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৬ সেপ্টেম্বর রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে নলডাঙ্গার ২নং মাধনগর ইউনিয়নের বাঁশিলা গ্রামের আক্কাশের মোড় এলাকায় এ ঘটনা ঘটে। ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে সেখানে পৌঁছালে মেয়ে সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ১ নম্বর বিবাদী মোঃ মাহবুবুর রহমান ও ২ নম্বর বিবাদী মোঃ মহসিনসহ অন্যান্যরা বাঁশের লাঠি দিয়ে আক্তার হোসেনকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর জখম করে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এ ঘটনায় বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ভিকটিমের পিতা মোঃ এরশাদ আলী বাদী হয়ে নলডাঙ্গা থানায় একটি মামলা (মামলা নং-০৭) দায়ের করেন। মামলা দায়েরের পর নলডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার জাহান জানান, এজাহারের ভিত্তিতে তিন আসামিকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









