চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। জেলা সিভিল সার্জন কার্যালয় ও আইইডিসিআরের জরিপ অনুযায়ী, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার প্রায় এক-তৃতীয়াংশ (৩৬ শতাংশ) বাড়িতেই ক্ষতিকর এডিস মশার লার্ভা পাওয়া গেছে। লার্ভার এ ঘনত্ব (৩৬ ব্রুটো ইনডেক্স) উচ্চঝুঁকিপূর্ণ নির্দেশ করায় স্বাস্থ্য বিভাগ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
আইইডিসিআর সম্প্রতি পৌর এলাকার ১৫৪টি বসতবাড়িতে বিশেষ কীটতাত্ত্বিক জরিপ চালিয়ে এ তথ্য নিশ্চিত করে। জরিপে দেখা যায়, শুধু ঘরের বাইরে নয়, ঘরের ভেতরেও জমা জলে এডিস মশার বংশবৃদ্ধি ঘটছে। এদিকে সিভিল সার্জন ডা. এ. কে. এম. শাহাব উদ্দীন জানান, ডেঙ্গু এখন শুধু শহরেই সীমাবদ্ধ নেই, গ্রামের দিকেও ছড়িয়ে পড়ছে।
রোগীর সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে বেড সংকট দেখা দিয়েছে। অনেক রোগীকে বাধ্য হয়ে মেঝতেই চিকিৎসা নিতে হচ্ছে। হাসপাতালের দেওয়া তথ্যমতে, চলতি বছরে জানুয়ারি থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২১০ জনে, মারা গেছেন ৪ জন এবং বহির্বিভাগে শনাক্ত হয়েছেন ৯৪৩ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭৩ জন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী সমন্বিত সামাজিক আন্দোলনের ওপর জোর দিয়েছেন। মশক নিধন ও পরিচ্ছন্নতা তদারকির জন্য পৌর এলাকায় ৮টি টিম গঠন করা হয়েছে। জেলা হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ওষুধ ও সরঞ্জামের ঘাটতি না থাকলেও বেড সংকট সামাল দিতে তাদের হিমশিম খেতে হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









