অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারের ৯৯তম আসরের সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করার জন্য পাঁচটি সিনেমা জমা পড়েছে। এর মধ্য থেকে একটি সিনেমা চূড়ান্ত করে অস্কারে পাঠাবে অস্কার বাংলাদেশ কমিটি।
জমা পড়া পাঁচটি সিনেমা হলো—রেদওয়ান রনি পরিচালিত ‘দম’, মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘রইদ’, মনিরুল আকাশ হক পরিচালিত ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’, মোহাম্মদ তাওকীর ইসলাম পরিচালিত ‘দেলুপি’ এবং নূরুল আলম আতিক পরিচালিত ‘মানুষের বাগান’।
৯৯তম অস্কারের সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে বাংলাদেশের পক্ষ থেকে সিনেমা পাঠানোর জন্য গত ২০ আগস্ট চলচ্চিত্র আহ্বান করে বাংলাদেশ অস্কার কমিটি।
বুধবার (১৬ সেপ্টেম্বর) ছিল সিনেমা জমা দেওয়ার শেষ দিন। নির্ধারিত সময়ের মধ্যে পাঁচটি সিনেমা জমা পড়ে।
জমা পড়া চলচ্চিত্রগুলোর চূড়ান্ত মূল্যায়ন ও বাছাইয়ের জন্য এরই মধ্যে সাত সদস্যের অস্কার বাংলাদেশ কমিটি গঠন করা হয়েছে। কমিটির সমন্বয়কারী আব্দুল্লাহ আল মারুফ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের সভাপতি জহিরুল ইসলাম কচি কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এরই মধ্যে এই কমিটি অস্কার কর্তৃপক্ষের অনুমোদনও পেয়েছে।
নির্ধারিত প্রক্রিয়ায় জমা পড়া চলচ্চিত্রগুলো দেখবেন ও মূল্যায়ন করবেন কমিটির সদস্যরা। এরপর তাদের সম্মিলিত মূল্যায়ন ও আলোচনার ভিত্তিতে অস্কারে বাংলাদেশের পক্ষ থেকে জমা দেওয়ার জন্য একটি চলচ্চিত্র বাছাই করা হবে।
বাছাই প্রক্রিয়া শেষে আগামী ২৭ সেপ্টেম্বর বাংলাদেশের পক্ষ থেকে অস্কারে জমা দেওয়ার জন্য নির্বাচিত চলচ্চিত্রের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। এখন অপেক্ষা, পাঁচ সিনেমার মধ্য থেকে শেষ পর্যন্ত কোনটি বাংলাদেশের হয়ে অস্কারের মঞ্চে প্রতিনিধিত্ব করার সুযোগ পায়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









