ময়মনসিংহের ত্রিশালে ইউনাইটেড পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুটি মাহিন্দ্রা ও একটি সিএনজিচালিত অটোরিকশাকে সজোরে ধাক্কা দিয়েছে। এ দুর্ঘটনায় দুজন নিহত এবং অন্তত ছয়জন গুরুতর আহত হয়েছেন। সংঘর্ষের পর বাসটি একটি বিদ্যালয়ের সীমানাপ্রাচীরে ধাক্কা দিয়ে উল্টে যায়।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার কাজিরশিমলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মহাসড়কের পাশে একটি মাহিন্দ্রা দাঁড়িয়ে ছিল এবং ময়মনসিংহের দিকে একটি সিএনজিচালিত অটোরিকশা যাচ্ছিল। একই দিক থেকে আসা ইউনাইটেড পরিবহনের বাসটি প্রথমে মাহিন্দ্রা ও পরে সিএনজিটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী মারা যান। পরে বাসটি পাশের প্যাসিফিক আইডিয়াল হাই স্কুলের সীমানাপ্রাচীরে আঘাত করে উল্টে যায়।
বাসের এক যাত্রী বৃষ্টি আক্তার জানান, চালক হঠাৎ অসুস্থ বা অজ্ঞান হয়ে পড়লে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরবর্তীতে তাঁর সহকারী গাড়িটি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেও ব্যর্থ হন।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে আহত ছয়জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা সবাই মাহিন্দ্রা ও সিএনজির যাত্রী ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









