কুষ্টিয়ার মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পানিতে ডুবে যাওয়া এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে হামলা ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলা প্রতিরোধ করতে গিয়ে দুই চিকিৎসক আহত হয়েছেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম রাফি (৩)। সে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের নওদাপাড়া গ্রামের সাব্বির হোসেনের ছেলে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, সকালে শিশু রাফি পানিতে পড়ে গেলে তাকে আশঙ্কাজনক অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজন ও স্থানীয় কিছু লোক উত্তেজিত হয়ে জরুরি বিভাগে ঢুকে হট্টগোল শুরু করেন এবং ১১ নম্বর কক্ষসহ হাসপাতালের বিভিন্ন স্থানে ব্যাপক ভাঙচুর চালান। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে ডা. আব্দুস সামাদ ও ডা. জান্নাতুল রিয়া নামের দুই চিকিৎসক আহত হন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. জান্নাতুল রিয়া বলেন, স্বজনদের ক্ষোভ সহানুভূতির সঙ্গেই দেখা হয়, তবে জরুরি সেবাকেন্দ্রে হামলা ও ভাঙচুর চিকিৎসা কার্যক্রমকে মারাত্মক ব্যাহত করে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আব্দুল আজিজ জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। হাসপাতালের মতো জরুরি সেবামূলক প্রতিষ্ঠানে এমন হামলায় স্থানীয় সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং চিকিৎসকেরা নিরাপদ কর্মপরিবেশের জোর দাবি জানিয়েছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









