রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট সড়কের বালু ব্রিজ এলাকায় পুলিশের বিশেষ ব্লক রেইড ও চেকপোস্টে বিদেশি মদ ও দেশীয় অস্ত্রসহ ছয়জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জ জেলা ও রূপগঞ্জ থানা পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। এ সময় তিন বোতল হুইস্কি ও কৃচসদৃশ একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. হাবিবুর রহমান জানান, রূপগঞ্জ থানা নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও ঢাকা মহানগর পুলিশের সীমান্তবর্তী এলাকায় অবস্থিত। এ কারণে মাদক পরিবহনসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে সীমান্তবর্তী এলাকাটিতে নিয়মিত চেকপোস্ট ও ব্লক রেইড পরিচালনা করা হচ্ছে।
এসপি বলেন, ৩০০ ফিট সড়কটি মাদক পরিবহনের রুট হিসেবে ব্যবহৃত হওয়ার পাশাপাশি সন্ত্রাসীদের চলাচলের ক্ষেত্রেও ব্যবহৃত হচ্ছে। এ সড়কে ছিনতাই ও ডাকাতির ঘটনাও ঘটে। নাশকতাকারীরাও এ সড়ক ব্যবহার করে বিভিন্ন স্থানে যাতায়াতের চেষ্টা করে থাকে।
তিনি আরও বলেন, ৩০০ ফিট সড়ক যাতে অপরাধীদের অবাধ চলাচলের রুটে পরিণত না হয়, সে জন্য মাঝে মধ্যে সেখানে বিশেষ চেকপোস্ট ও ব্লক রেইড পরিচালনা করা হবে। পাশাপাশি নিয়মিত পুলিশের টহলও থাকবে।
পুলিশ সুপার জানান, রূপগঞ্জ থানা এলাকায় জনবল সংকট রয়েছে। এ ছাড়া ৩০০ ফিট সড়কে একাধিক লেন থাকায় সব এলাকায় একসঙ্গে নজরদারি করা কঠিন। এ কারণে জেলা পুলিশ থেকে অতিরিক্ত সদস্য এনে বিশেষ অভিযান চালানো হচ্ছে। আগে এ এলাকায় তিন থেকে চারটি টহল পার্টি দায়িত্ব পালন করলেও বর্তমানে তা বাড়িয়ে সাত থেকে আটটি করা হয়েছে।
আটকদের বিষয়ে এসপি বলেন, চেকপোস্টে এখন পর্যন্ত ছয়জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে তিন বোতল হুইস্কি ও একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান ও নিয়মিত টহল অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









