গোপালগঞ্জের কোটালীপাড়ায় ইছাহাক ফকির (৭৫) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের সিতাইকুন্ড গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইছাহাক ফকির ওই গ্রামের মৃত আইজ উদ্দিন ফকিরের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোরের কোনো একসময়ে নিজ বাড়িতে তিনি আত্মহত্যা করেন। ভোররাত ৪টার দিকে তাঁর ছোট ছেলে মহসীন কবির উঠে বাবাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পরিবারের লোকজনের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসে এবং পুলিশে খবর দেওয়া হয়।
নিহতের ছেলে মহসীন কবির জানান, তাঁর বাবা দীর্ঘদিন ধরে তীব্র মাথাব্যথাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। চিকিৎসা করিয়েও সুস্থ না হওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। অসুস্থতার যন্ত্রণা সহ্য করতে না পেরেই তিনি এ পথ বেছে নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
কোটালীপাড়া থানার ডিউটি অফিসার এএসআই সোবাহান জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









