আসন্ন প্রথম ফিফা আসিয়ান কাপের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন বাংলাদেশের প্রধান কোচ থমাস ডুলি। চূড়ান্ত দলে জায়গা পেয়েছেন ইংল্যান্ডভিত্তিক ফরোয়ার্ড ফারহান আলী ওয়াহিদ ও মিডফিল্ডার জিদান ইউসুফ। দলে আছেন জাপানভিত্তিক ফুটবলার শুকি ইতোফুসাও।
ফারহান আলী ওয়াহিদের দলে অন্তর্ভুক্তি নিয়ে বিশেষ আগ্রহ তৈরি হয়েছে। ইংল্যান্ডভিত্তিক এই ফরোয়ার্ডকে নিয়ে আশাবাদী ডুলি। তার প্রত্যাশা, ফারহান গোলের সামনে বাংলাদেশের আক্রমণভাগকে আরও কার্যকর করে তুলবেন।
ডুলি বলেন, ‘এই ছেলেটির [ফারহান আলী ওয়াহিদ] ব্যাপারে আমার যেটা ভালো লাগে তা হলো, ও গোল করতে জানে। এটাই তো দরকার। তাই ও এলে আমি সত্যিই চাই ওকে গোলের সামনে দেখতে, সেই মুভগুলো করতে এবং বলটা লক্ষ্যে মারতে, যেটা আমাদের অনেক খেলোয়াড়ই করে না।’
বর্তমানে ফুলহাম অনূর্ধ্ব-২১ দল থেকে ধারে বোরহ্যাম উড এফসিতে খেলছেন ফারহান। টুর্নামেন্ট শুরুর আগে ইন্দোনেশিয়ায় বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে তার।
ফারহানের সম্ভাবনা নিয়ে আশাবাদী হলেও তার ওপর বাড়তি প্রত্যাশা চাপাতে চান না ডুলি। হামজা চৌধুরীর মতো করে ফারহানকে দেখেন না বলেও জানিয়েছেন বাংলাদেশের প্রধান কোচ।
ডুলি বলেন, ‘আমরা ওর ওপর এমন কোনো চাপ দিইনি যে ওকেই সবকিছুর ত্রাতা হতে হবে। আমি ওকে একজন ভালো, প্রতিভাবান খেলোয়াড় হিসেবে দেখি। ওর দুর্দান্ত দক্ষতা আছে। এটা পেশাদার পর্যায়ে মাঠে নিয়ে আসতে হবে। যদি সেটা করতে পারে, তাহলে ও আমাদের জন্য বড় সম্পদ হবে।’
আগামী ২৫ সেপ্টেম্বর জাকার্তায় শুরু হবে ফিফা আসিয়ান কাপের আট দলের প্রিমিয়ার ডিভিশন। প্রথম দিন স্বাগতিক ইন্দোনেশিয়া মুখোমুখি হবে সিঙ্গাপুরের। একই দিনে মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্টে নিজেদের অভিযান শুরু করবে বাংলাদেশ।
চৌদ্দ দলের এই প্রথম আসরে ১১টি আসিয়ান দেশের সঙ্গে অতিথি দল হিসেবে অংশ নিচ্ছে বাংলাদেশ, পাকিস্তান ও হংকং। টুর্নামেন্টটি দুই ভাগে বিভক্ত। ছয় দলের চ্যালেঞ্জ ডিভিশন শুরু হবে ২৪ সেপ্টেম্বর।
গ্রুপ এ-তে স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের সঙ্গে রয়েছে বাংলাদেশ। জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে বাংলাদেশ সময় ২৫ সেপ্টেম্বর বিকেল ৩টায় মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ।
এরপর ২৮ সেপ্টেম্বর বিকেল ৩টায় সিঙ্গাপুরের বিপক্ষে এবং ১ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপ পর্বের বাংলাদেশের তিনটি ম্যাচই হবে গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে।
গ্রুপ বি-তে রয়েছে আসিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালিস্ট থাইল্যান্ড ও ভিয়েতনাম, সঙ্গে ফিলিপাইন ও পাকিস্তান। গত মাসে আসিয়ান চ্যাম্পিয়নশিপ জেতা ভিয়েতনাম ২৬ সেপ্টেম্বর বান্দুংয়ে ফিলিপাইনের বিপক্ষে নিজেদের অভিযান শুরু করবে।
শুরুতে টুর্নামেন্টে আমন্ত্রণ পেলেও পরে সরে দাঁড়ায় ভারত ও চীন। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ৩ অক্টোবর ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ থাকায় ভারত বিকল্প দল পাঠানোর প্রস্তাব দিয়েছিল। তবে ফিফা সেই প্রস্তাবে সায় দেয়নি। ৩ অক্টোবরই অনুষ্ঠিত হবে আসিয়ান কাপের ফাইনাল।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









