রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) চলমান স্থাপন প্রকল্পের অগ্রগতি ও সার্বিক প্রশাসনিক কার্যক্রম পরিদর্শন করেছেন বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) প্রেসিডেন্ট অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল এবং চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (চমেবি) উপাচার্য অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) পরিদর্শনকালে তাঁরা নির্মাণাধীন স্থাপন প্রকল্পের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং চলমান কাজের অগ্রগতি ও মান নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। পরে প্রকল্পের বর্তমান অগ্রগতি ও কাজের মানে সন্তোষ প্রকাশ করেন তাঁরা।
এ সময় তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানান রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. মোহাঃ জাওয়াদুল হক। পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন রামেবির উপ-রেজিস্ট্রার ডা. মোফাখখারুল ইসলাম, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক প্রকৌশলী মো. নজিবুর রহমানসহ স্থাপন প্রকল্পের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
প্রতিনিধিদল প্রকল্পের বিভিন্ন নির্মাণকাজ পরিদর্শনের পাশাপাশি স্বাস্থ্যশিক্ষার বৈশ্বিক মানদণ্ড ও ভবিষ্যৎ চাহিদা বিবেচনায় প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় বিভিন্ন পরামর্শ ও দিকনির্দেশনা দেন। প্রকল্পটিকে আরও আধুনিক, যুগোপযোগী ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার আলোকে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
প্রকল্প পরিদর্শন শেষে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ রামেবির বিভিন্ন প্রশাসনিক দপ্তর পরিদর্শন করেন। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
পরে রামেবি উপাচার্য প্রফেসর ডা. মোহাঃ জাওয়াদুল হকের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন তিনি। সভায় দুই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমের মানোন্নয়ন, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং ভবিষ্যতে একাডেমিক ও প্রশাসনিক ক্ষেত্রে সহযোগিতার সুযোগ নিয়ে আলোচনা হয়।
সংশ্লিষ্টরা মনে করছেন, দেশের শীর্ষস্থানীয় চিকিৎসাবিদ ও একাডেমিশিয়ানদের এ ধরনের পরিদর্শন ও মতবিনিময়ের মাধ্যমে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন এবং ভবিষ্যৎ প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









