কুমিল্লার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায় নারী নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামি। তবে বেশিক্ষণ মুক্ত থাকতে পারেনি সে। পালানোর মাত্র দুই ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে মো. রুবেল (২৮) নামে ওই আসামিকে ফের গ্রেপ্তার করেছে পুলিশ। পরে সন্ধ্যায় তাকে কুমিল্লা আদালতে হাজির করা হয়।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে আদালত প্রাঙ্গণ থেকে কৌশলে পালিয়ে যায় রুবেল। ঘটনার পর তাকে ধরতে বিভিন্ন স্থানে অভিযান শুরু করে পুলিশ। প্রায় দুই ঘণ্টা পর নাঙ্গলকোট উপজেলা সীমান্তবর্তী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কুমিল্লা আদালত পুলিশের পরিদর্শক সাদিকুর রহমান জানান, নারী নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. রুবেলকে নারী ও শিশু আদালতে হাজির করার জন্য আদালত প্রাঙ্গণে আনা হয়েছিল। এ সময় পুলিশের চোখ ফাঁকি দিয়ে সে পালিয়ে যায়। পরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়। সন্ধ্যায় তাকে কুমিল্লা আদালতে হাজির করা হয়েছে।
গ্রেপ্তার মো. রুবেল নাঙ্গলকোট উপজেলার কোকালি গ্রামের শাহ আলমের ছেলে।
এদিকে আদালত প্রাঙ্গণের মতো নিরাপত্তাবেষ্টিত এলাকা থেকে একজন ওয়ারেন্টভুক্ত আসামি কীভাবে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে গেল, তা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম বলেন, ওয়ারেন্টভুক্ত এক আসামিকে বুধবার রাতে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা আদালতে পাঠানো হয়। আদালত থেকে কৌশলে সে পালিয়ে যায়। পরে নাঙ্গলকোট উপজেলা সীমান্তবর্তী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুনরায় সন্ধ্যায় জেলহাজতে পাঠানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









