শীতের হাওয়া বইতে শুরু করতেই রংপুরের গঙ্গাচড়ায় লেপ-তোশক তৈরির কারিগরদের কর্মব্যস্ততা বেড়েছে। দিন-রাত চলছে কাজ। তবে শীতের কয়েক মাসের এই আয়ের ওপর নির্ভর করে তাদের সংসার। বছরের বড় একটা সময় কাজ না থাকায় খরচ সামলাতে হিমশিম খেতে হয় অনেক কারিগরকে।
রবিবার (২২ নভেম্বর) সরেজমিনে গঙ্গাচড়া বাজারসহ উপজেলার বিভিন্ন বাজারে গিয়ে দেখা যায়, কারিগরেরা ব্যস্ত সময় পার করছেন। কেউ তুলা ধুনছেন, কেউ কাপড় বিছিয়ে লেপ তৈরি করছেন, কেউ আবার ক্রেতার চাহিদামতো তোশক বানাচ্ছেন। শীত বাড়ার সঙ্গে সঙ্গে কাজের চাপও বাড়ছে।
দক্ষিণ কোলকোন্দ মাস্টারপাড়ার মো. শফিকুল ইসলাম (৪৫) প্রায় ৩০ বছর ধরে এ কাজ করছেন। শীতের মৌসুমে চাপ বাড়লে দিনে-রাতে কাজ করতে হয় তাকে।
শফিকুল ইসলাম বলেন, ‘‘শীতের মৌসুমে দিনে-রাতে কাজ থাকে। কিন্তু গরমের সময় সপ্তাহেও একটা কাজ জোটে না। তখন সংসার চালাতে খুব কষ্ট হয়। প্রায় ৩০ বছর ধরে এই কাজ করি। কাজটার প্রতি মায়া জন্মে গেছে, ছাড়তে পারি না। এ বছর শীত শুরুর আগেই বেশ কাজ পেয়েছি। আল্লাহ শরীর ভালো রাখলে এই মৌসুমে কিছু আয় হবে, তা দিয়ে সংসারটা একটু ভালোভাবে চালাতে পারব।’’
শীতের প্রস্তুতি হিসেবে আলমবিদিতর ইউনিয়নের হাশেম আলী আগেভাগেই নতুন লেপ কিনতে এসেছেন। তার ভাষ্য, শীত বাড়লে লেপের প্রয়োজন বেশি হয়। শীতের মৌসুম এসব কারিগরের কাছে বাড়তি আয়ের সুযোগ নিয়ে আসে। কিন্তু গরমে কাজ কমে গেলে আয়ও থেমে যায়। বছরের কয়েক মাসের ব্যস্ততা আর বাকি সময়ের অনিশ্চয়তা নিয়েই মৌসুমি এই পেশায় সংসার চালিয়ে যাচ্ছেন তারা।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








