প্রাকৃতিক জলাশয়ে মাছের উৎপাদন ও প্রজনন বাড়াতে বগুড়ার সারিয়াকান্দিতে রাজস্ব খাতের আওতায় ২০২৬-২৭ অর্থবছরে ২৮৬ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়েছে। উপজেলার বিভিন্ন অভ্যন্তরীণ মুক্ত জলাশয়, প্লাবনভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পর্যায়ক্রমে এসব পোনা অবমুক্ত করা হয়।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে বগুড়া-১ আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম সারিয়াকান্দি পৌরসভার হিন্দুকান্দি এলাকায় বাঙালি নদীতে ৬৫ কেজি পোনা অবমুক্তের মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা যায়, হিন্দুকান্দি বাঙালি নদীর পাশাপাশি রামচন্দ্রপুর, পাইকপাড়া, গজারিয়া বিল, রামনগর বিল, আশ্রয়ণ প্রকল্পের পুকুর এবং উপজেলা পরিষদ পুকুরে পর্যায়ক্রমে পোনামাছ ছাড়া হয়েছে। কর্মসূচির মাধ্যমে প্রাকৃতিক জলাশয়ে দেশীয় মাছের প্রজনন ও উৎপাদন বাড়ানোর পাশাপাশি মৎস্যসম্পদের সংরক্ষণ ও টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মুর্শিদা খাতুন, থানার অফিসার ইনচার্জ আ ফ ম আছাদুজ্জামান, পৌর বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন সনি, উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরিফুল ইসলাম হিরাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সংশ্লিষ্টরা জানান, শুধু পোনা অবমুক্ত করলেই প্রাকৃতিক জলাশয়ে মাছের উৎপাদন কাঙ্ক্ষিত মাত্রায় বাড়বে না। পোনামাছ রক্ষা, প্রজনন মৌসুমে অবৈধভাবে মাছ শিকার বন্ধ এবং জলাশয়ের পরিবেশ সংরক্ষণে স্থানীয়দের সচেতন ও সম্পৃক্ত করা জরুরি। এ ক্ষেত্রে নিয়মিত নজরদারি ও জনসচেতনতা কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









