রাজবাড়ীর পাংশায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি মো. নজরুল ইসলামের নেতৃত্বে মিছিলে অংশ নেওয়ার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মেঘনা এলাকায় নিজের মাকে সঙ্গে নিয়ে মিছিল করেন নজরুল ইসলাম। এ সময় ৫০ থেকে ৭০ জন নেতা-কর্মী উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
রোববার (৮ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে পাংশা থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পাংশা উপজেলার বাগমারা গ্রামের সাইফুল প্রামাণিক (২০), ইরান প্রামাণিক (২২), নয়ন মোল্লা (২০), মো. রাব্বি হোসেন (২২) এবং মেঘনা উত্তরপাড়া গ্রামের মো. সুহান শেখ ওরফে সোহান (২৩)।
পুলিশ জানায়, ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর পাংশা থানায় দায়ের করা একটি মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। মামলাটির নম্বর ৫, জিআর নম্বর ১৯৬/২৫। এতে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(১) ও ১৫(৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।
পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত বাহাদুরপুর ইউনিয়ন ছাত্রলীগের সক্রিয় কর্মী। গত ৭ নভেম্বর ভোরে বাহাদুরপুর এলাকায় সরকারবিরোধী কর্মকাণ্ডের উদ্দেশ্যে সংগঠিত হয়ে মিছিলে অংশ নেওয়ার অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়ে তদন্তে তথ্য-প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, মিছিলের ছবি ও ভিডিও শনিবার সন্ধ্যার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করেন ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো. নজরুল ইসলাম। পোস্টে তিনি মাকে সঙ্গে নিয়ে নিজ এলাকায় মিছিল করার কথা উল্লেখ করেন। একই সঙ্গে অতীতে নিজের ও পরিবারের ওপর হামলা, হুমকি, বাড়িঘর ভাঙচুর এবং চাঁদা দাবির অভিযোগ তুলে ধরেন। তিনি লেখেন, দীর্ঘদিন অসুস্থ থাকার পর কিছুটা সুস্থ হয়ে আবার চলাফেরা শুরু করেছেন এবং আন্দোলনের কার্যক্রম চালিয়ে যাবেন।
পুলিশ জানায়, পাংশা থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার পাঁচজনকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









