দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে আর্ট এক্সিবিশন আয়োজনের অনুমতি দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। শিক্ষার্থীদের সৃজনশীলতা, বুদ্ধিবৃত্তিক চর্চা ও সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে ‘আর্ট বাংলাদেশ’-এর ব্যানারে এ কার্যক্রম পরিচালিত হবে।
এ বিষয়ে অধিদপ্তরের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
রোববার (৮ নভেম্বর) মাউশির উপপরিচালক (শারীরিক শিক্ষা) অধ্যাপক মো. শহিদুল ইসলামের স্বাক্ষরিত এক চিঠিতে এ অনুমতি দেওয়া হয়। ট্যালেন্ট স্পোর্টস লিমিটেডের উদ্যোগে ‘আর্ট বাংলাদেশ’-এর ব্যানারে কার্যক্রমটি বাস্তবায়ন করা হবে।
মাউশি মনে করে, শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক চর্চার সুযোগ সৃষ্টি এবং সুপ্ত প্রতিভা বিকাশে চিত্রাঙ্কন ও আর্ট এক্সিবিশন গুরুত্বপূর্ণ সহশিক্ষা কার্যক্রম হিসেবে ভূমিকা রাখবে।
তবে এ কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে একটি শর্ত দিয়েছে অধিদপ্তর। শর্ত অনুযায়ী, আয়োজিত কার্যক্রমের জেলাভিত্তিক প্রতিবেদন প্রতি তিন মাস অন্তর ‘আর্ট বাংলাদেশ’-এর পরিচালককে মাউশির শারীরিক শিক্ষা বিভাগে জমা দিতে হবে।
চিঠির সঙ্গে আর্টপেপারের চাহিদাপত্র ও কার্যক্রম পরিচালনার সংশ্লিষ্ট নিয়মাবলি সংযুক্ত করা হয়েছে। এ ছাড়া কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মাউশির পরিচালক, উপপরিচালক (মাধ্যমিক) এবং জেলা শিক্ষা কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









