কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চরাঞ্চলের বন্যা প্লাবিত ফিলিপনগর, রামকৃষ্ণপুর ও চিলমারী এলাকার অসহায় ও বানভাসী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী, শুকনো খাবার, বিশুদ্ধ খাবার পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী দৌলতপুর উপজেলা শাখা।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে দিনব্যাপী প্লাবিত চরাঞ্চলের বিভিন্ন দুর্গম এলাকায় প্রায় ৬০০ বন্যা দুর্গত পরিবারে এসব খাদ্য ও জরুরি ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
ত্রাণ বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দৌলতপুর উপজেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ বেলাল উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা।
প্রধান অতিথির বক্তব্যে মুফতি আমির হামজা বলেন, ‘‘যেকোনো প্রাকৃতিক দুর্যোগ ও মানুষের বিপদে পাশে দাঁড়ানো আমাদের ঈমানি ও নৈতিক দায়িত্ব। পানিবন্দী মানুষের এই দুর্ভোগ ও কষ্ট লাঘবে আমাদের এই ক্ষুদ্র মানবিক প্রচেষ্টা অব্যাহত থাকবে। দেশের এই দুর্যোগকালীন মুহূর্তে এলাকার বিত্তবানদেরও দুর্গত মানুষের পাশে এগিয়ে আসার জোর আহ্বান জানাচ্ছি।’’
জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি মাজহার মাহবুবের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হক।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি খায়রুল ইসলাম রবিন, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো. আরজ উল্লাহ, ফিলিপনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা কর্মপরিষদ সদস্য মুহাম্মদ খাজা আহমেদ, রামকৃষ্ণপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আক্তারুজ্জামান, চিলমারী ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুল ওয়াহীদসহ স্থানীয় জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









