মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৩টার দিকে উপজেলার তেতৈতলা হাঁস পয়েন্ট এলাকায় মহাসড়কের কুমিল্লামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, বরিশাল থেকে চট্টগ্রামগামী নিউ বলেশ্বর পরিবহণের একটি বাস মহাসড়ক দিয়ে যাচ্ছিল। এ সময় তেতৈতলা হাঁস পয়েন্ট এলাকার একটি হোটেল থেকে একটি প্রাইভেটকার মহাসড়কে উঠে ইউটার্ন নিয়ে ঢাকার দিকে যাওয়ার চেষ্টা করে। তখন বাসটির সঙ্গে প্রাইভেটকারটির সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায়। এতে গাড়ির চালক ঘটনাস্থলেই মারা যান। গাড়িতে থাকা আরও চারজন গুরুতর আহত হন। পরে তাদের স্থানীয় হামদর্দ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সজল চন্দ্র সরকার তিনজনকে মৃত ঘোষণা করেন। আহত অপর ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিহতদের মধ্যে সাবিহা আক্তার (৬২) নামে এক নারীর পরিচয় নিশ্চিত করা হয়েছে। তার ব্যাগে থাকা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়। তিনি ঢাকার ধানমন্ডির জিগাতলা এলাকার বাসিন্দা বলে জানা গেছে। নিহত অপরজনের নাম লিটন মিয়া (৬৫)। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে নিহত চারজনের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী রয়েছেন।
দুর্ঘটনার বিষয়ে বাসটির যাত্রী মরিয়ম বেগম অভিযোগ করে বলেন, “বাসের চালক সম্ভবত নতুন ছিলেন। তার গাড়ি চালানোর দক্ষতা নিয়ে বাসের যাত্রীদের মধ্যে অসন্তোষ ছিল।”
দুর্ঘটনার খবর পেয়ে ভবেরচর হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। তারা প্রাইভেটকার থেকে নিহতদের মরদেহ উদ্ধার এবং আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। পরে দুর্ঘটনাকবলিত যানবাহন মহাসড়ক থেকে সরানোর কাজ শুরু করা হয়।
ভবেরচর হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান বলেন, “বাসটি ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। অন্যদিকে একটি হোটেল থেকে প্রাইভেটকারটি রং সাইড দিয়ে মহাসড়কে উঠে ইউটার্ন নিয়ে ঢাকার দিকে যাওয়ার সময় বাসটির সঙ্গে সংঘর্ষ হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ এবং নিহত ও আহতদের পূর্ণ পরিচয় নিশ্চিত করতে তদন্ত চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









